


ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে নিত্যনতুন হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে না দাঁড়ালে মিত্র দেশগুলির সমালোচনা করতেও ছাড়ছেন না। এর মধ্যেই জল্পনা ছড়িয়েছে, ট্রাম্প কি অসুস্থ? শুক্রবারের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সেই জল্পনা আরও বেড়েছে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ফ্লোরিডায় প্রেসিডেন্টের নিজস্ব বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে অত্যন্ত ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছেন। নামার সময় সিঁড়ির রেলিং ধরে থাকতেও দেখা যায়। শরীরী ভাষাতেও বোঝা যাচ্ছিল, অস্বস্তিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার একদিন আগে তোলা অন্য একটি ভিডিয়োতেও দেখা গিয়েছে, চেয়ারে বসার সময় অত্যন্ত সতর্কভাবে দু’হাতে টেবিল ধরে রেখেছেন ট্রাম্প। যদিও তাঁর অসুস্থতা সংক্রান্ত যাবতীয় জল্পনাকে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। ট্রাম্প নিজেও কিছুদিন আগে দাবি করেছিলেন, আমেরিকার সবচেয়ে স্বাস্থ্যবান প্রেসিডেন্ট তিনিই। আর কেউ তাঁর ধারে কাছে নেই। ৭৯ বছর বয়সি ট্রাম্পের শারীরিক অসুস্থতা নিয়ে আগেও বেশ কয়েকবার জল্পনা ছড়িয়েছিল। এর আগে হাতে ব্যান্ডেজ বেঁধে প্রকাশ্যে এসেছিলেন তিনি। ট্রাম্পের ত্বকের রঙের পরিবর্তন হয়েছে বলেও দাবি করেছিলেন অনেকে। এবারও ট্রাম্পের বিমান থেকে নামার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বহু মানুষ সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। অনেকে প্রেসিডেন্টের হয়েও মুখ খুলেছেন। একজন যেমন লিখেছেন, ‘ট্রাম্পের বয়স হচ্ছে, তার সঙ্গে ওঁর মস্তিষ্কও বিভ্রান্ত হয়ে পড়ছে। একের পর এক ভুল সিদ্ধান্তের ভার তাঁকে গ্রাস করেছে।’ ট্রাম্প সমর্থকদের দাবি, তাঁর হাঁটাচলায় কোনো অস্বাভাবিকত্ব নেই। সিঁড়ি দিয়ে নামার সময় সতর্ক হয়ে পা ফেলা ভুল কিছু নয়।