Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৭০ শতাংশ ছাড়ে আইপিএলের টিকিট! নতুন ফাঁদ প্রতারকদের

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৮তম সংস্করণের ‘বোধন’ হবে। কাল, শনিবার উদ্বোধনী ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে।

৭০ শতাংশ ছাড়ে আইপিএলের টিকিট! নতুন ফাঁদ প্রতারকদের
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৮তম সংস্করণের ‘বোধন’ হবে। কাল, শনিবার উদ্বোধনী ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় মাথাচাড়া দিচ্ছে প্রতারকরা। ৭০ শতাংশ ছাড়ের বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার জন্য দেদার ফাঁদ পাতা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমনই বিজ্ঞাপনে প্রলোভনের টোপ গিলে ১২ হাজার টাকা খোয়া গেল এক মহিলার। গিরিশ পার্ক থানা ও সেন্ট্রাল ডিভিশনের সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন তিনি। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সাইবার সেল। 

Advertisement

ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, গত ১৫ মার্চ আইপিএলের প্রথম ম্যাচের টিকিট খুঁজছিলেন ওই মহিলা। ইনস্টাগ্রামে একটি পেজে টিকিট বিক্রির বিজ্ঞাপন দেখতে পান তিনি। তাতে বলা হয় টিকিটের নির্ধারিত মূল্যের ৩০ শতাংশ দাম দিলেই টিকিট চলে যাবে ইমেল মারফত। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকদের একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট করেন অভিযোগকারিণী। পেমেন্ট হওয়ার পরও টিকিট না আসায়, মহিলা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপরেই পুলিসের দ্বারস্থ হন তিনি। ইনস্টাগ্রাম পেজটি ব্লক করার জন্য কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে পুলিস। ডিসি জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। লালবাজার সূত্রে খবর, আইপিএল শুরুর আগে শহরে বেটিং রুখতে সব থানাগুলিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। কড়া নজরদারি চালাবে গোয়েন্দা বিভাগও।  
অন্যদিকে, এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের জন্য মধ্যরাতে মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে এই বিশেষ পরিষেবা পেতে টিকিট পিছু বাড়তি ১০ টাকা গুনতে হবে আমজনতাকে। সারচার্জের নামে স্বাভাবিক ভাড়ার উপর এই বাড়তি ১০ টাকা চাপিয়ে দিয়েছে রেল। ম্যাচ ফেরত জনতাকে রাতে গন্তব্যে পৌঁছাতে ১০ টাকার টিকিট দ্বিগুণ দামে অর্থাৎ ২০ টাকায় কিনতে হবে। জানা গিয়েছে, নর্থ-সাউথ রুটে এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড-কবি সুভাষ স্টেশনের মধ্যে এই বিশেষ পরিষেবা মিলবে। এসপ্ল্যানেড থেকে আপ ও ডাউনে রাত ১২টা ১৫ মিনিটে মেট্রো যাত্রা শুরু করবে। অন্যদিকে, গঙ্গাবক্ষের মেট্রো পথে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে ওই একই সময়ে অর্থাৎ সোয়া ১২টায় রেকটি ছাড়বে। 
অন্যদিকে, আইপিএল ম্যাচের জন্য স্পেশাল চক্ররেল পরিষেবা চালাবে শিয়ালদহ ডিভিশন। কাল রাত সাড়ে ১১টায় প্রিন্সেপ ঘাট থেকে বিশেষ এই ট্রেন যাত্রী নিয়ে বারাসতের উদ্দেশ্যে রওনা দেবে। রাত ১টায় ট্রেনটি গন্তব্যে পৌঁছাবে। একইভাবে বিবাদি বাগ থেকে থেকে রাত ১২টা ২ মিনিটে বারুইপুরগামী আরও একটি স্পেশাল ট্রেন ছাড়বে। ট্রেনটি বারুইপুরে রাত দেড়টা নাগাদ পৌঁছবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ