Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো ট্রেডিং অ্যাপে বিনিয়োগ, ১.২৬ কোটি খোয়ালেন যুবক

উচ্চ রিটার্নের টোপ। ফেসবুকে বিজ্ঞাপন দেখে আগ্রহ প্রকাশ করেছিলেন। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে বিনিয়োগ শুরু।

ভুয়ো ট্রেডিং অ্যাপে বিনিয়োগ,  ১.২৬ কোটি খোয়ালেন যুবক
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: উচ্চ রিটার্নের টোপ। ফেসবুকে বিজ্ঞাপন দেখে আগ্রহ প্রকাশ করেছিলেন। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে বিনিয়োগ শুরু। ভুয়ো ট্রেডিং অ্যাপে কয়েক দফায় তিনি ১ কোটি ২৬ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন। কিন্তু, কোনো রিটার্ন পাননি। উলটে, খোয়াতে হয়েছে বিনিয়োগ করা সমস্ত অর্থ! লেকটাউনের এক যুবক এমনই ইনভেস্টমেন্ট ফ্রডের শিকার হয়েছেন। টাকা ফেরত পেতে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। শনিবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। বিনিয়োগ প্রতারণা বা ইনভেস্টমেন্ট ফ্রড দিন দিন বেড়ে চলেছে। বেশিরভাগ সাইবার প্রতারণার শিকার হন প্রবীণরা। কিন্তু, এই বিনিয়োগ প্রতারণার ফাঁদে পড়ছেন বর্তমান প্রজন্মের যুবক-যুবতীরাও। 

Advertisement

উচ্চ রিটার্নের টোপে সর্বস্ব খোয়াচ্ছেন অনেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা বিভিন্ন মানুষকে ফোন করে টোপ দেয়। কখনও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেয়। যে বা যারা ফোনে বা বিজ্ঞাপনে আগ্রহ দেখায়, প্রতারকরা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। সেখানে প্রতারকদের সদস্যরা থাকে। সেখানে বিভিন্ন বিনিয়োগের টোপ দেওয়া হয়। কোথায় কত বিনিয়োগ কত রিটার্ন সমস্ত ব্যাখা দেওয়া হয়। গ্রুপে একজন অ্যাসিস্ট্যান্টও দিয়ে দেয় প্রতারকরা। তারপর বিনিয়োগ করার জন্য ভুয়ো ট্রেডিং অ্যাপ ডাউনলোড করতে বলে। যেগুলি তাদের বানানো। ওই ভুয়ো অ্যাপে বিনিয়োগ করলে রিটার্ন সহ বিনিয়োগ করা মূলধন দেখা যায়। কিন্তু, টাকা তুলতে গেলে প্রতারকরা নানা অজুহাত দেখাতে শুরু করে। ইনকাম ট্যাক্স বাবদ আরও টাকা চায়। শেষে বিনিয়োগকারীকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ থেকে রিমুভ তথা বের দেয় প্রতারকরা। তারপর বন্ধ করে দেয় ফোন! এই যুবক আগ্রহ দেখানোর পর তাঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে রিটার্নের বিভিন্ন হিসাব দেওয়া হয়। সেখানে তাঁকে ভুয়ো ট্রেডিং অ্যাপ ডাউনলোড করায়। তারপর বিনিয়োগ। সাইবার বিশেষজ্ঞদের কথায়, যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে সতর্ক হতে হবে। ভালো করে যাচাই না করে কোথাও লেনদেন করা চলবে না। একটু অসতর্ক হলেই বিপদ। 

সম্পর্কিত সংবাদ