Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ভুয়ো জায়গায় লগ্নি করলে এপ্রিল ফুল হতে পারেন’, সচেতন করছে পুলিস

এপ্রিল ফুল দিবস বা অল ফুলস ডে। ১ এপ্রিল দিনটি বন্ধু, পরিচিত-অপরিচিত, প্রতিবেশীদের বোকা বানানোর দিন। তবে সাইবার অপরাধীদের কাছে বোকা বানানোর জন্য আলাদা কোনও দিন থাকে না।

‘ভুয়ো জায়গায় লগ্নি করলে এপ্রিল ফুল হতে পারেন’, সচেতন করছে পুলিস
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: এপ্রিল ফুল দিবস বা অল ফুলস ডে। ১ এপ্রিল দিনটি বন্ধু, পরিচিত-অপরিচিত, প্রতিবেশীদের বোকা বানানোর দিন। তবে সাইবার অপরাধীদের কাছে বোকা বানানোর জন্য আলাদা কোনও দিন থাকে না। যে কোনও দিনই তারা মানুষকে বোকা বানাতে পারে। সাইবার অপরাধীদের এমন বোকা বানানোর হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই এপ্রিল ফুল দিবসকে বেছে নিয়েছে বনগাঁ জেলা পুলিস। সাধারণকে বার্তা দিতে নিজেদের ফেসবুক পেজে সচেতনতার ভিডিও পোস্ট করেছে তারা। কাউকে সাইবার প্রতারণার শিকার যাতে না হতে হয়, তাই মানুষকে লোভ করা থেকে বিরত থাকতে আবেদন করা হয়েছে সেখানে।

Advertisement

জেলা পুলিসের পক্ষ থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট জলাশয়ের পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাঁর উপর ভর দিয়ে এক যুবক সহজেই জলাশয়ে লাফ দেন, আবার ডাঙায় উঠেও যান। কিন্তু এরপরে ফের ওই ব্যক্তির উপর ভর দিয়ে জলে লাফ দিতে গেলে ওই ব্যক্তি সরে যান। ফলে জল-কাদায় পড়ে যান যুবক। আর উঠতে পারেননি। এই চিত্র দেখিয়ে পুলিসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কম সময়ে টাকা দ্বিগুণ হওয়ার লোভে যখন আপনি ভুয়ো জায়গায় বিনিয়োগ করেন, তখন যে কোনও দিনই এপ্রিল ফুল হয়ে যেতে পারেন।’
বছর দেড়েক আগে অনলাইনে বেশি আয়ের লোভে বিনিয়োগ করে সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন বনগাঁর বাসিন্দা এক যুবক। বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেও লজ্জায় সেকথা কাউকে বলেননি। এদিন বনগাঁ জেলা পুলিসের সতর্কবার্তা দেখে খুশি তিনি। ওই যুবক বলেন,  অচেনা নম্বর থেকে বিনিয়োগের ফোন এলে তা প্রত্যাখ্যান করা উচিত। সাইবার অপরাধীদের থেকে সব সময়ে দূরে থাকতে হবে। সতর্ক থাকতে হবে।
বনগাঁ পুলিস জেলার পুলিস সুপার দীনেশ কুমার বলেন, সাইবার প্রতারণা থেকে সাধারণকে বাঁচাতে আমরা সবসময় প্রচার করছি। কোনও অচেনা নম্বর থেকে ভিডিও কল এলে ধরবেন না। না হলে যে কোন দিনই এপ্রিল ফুল হয়ে যেতে পারেন। কোন অসুবিধা হলেই পুলিসকে জানান।

সম্পর্কিত সংবাদ