Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে সক্রিয় লস্করের স্লিপার সেলের কাজকর্মে নজর গোয়েন্দাদের

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই- তোইবার স্লিপার সেলের সদস্যরা সক্রিয় এই রাজ্যেও। অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনের সদর দপ্তরের শীর্ষ নেতাদের সঙ্গে।

রাজ্যে সক্রিয় লস্করের স্লিপার সেলের কাজকর্মে নজর গোয়েন্দাদের
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই- তোইবার স্লিপার সেলের সদস্যরা সক্রিয় এই রাজ্যেও। অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই জঙ্গি সংগঠনের সদর দপ্তরের শীর্ষ নেতাদের সঙ্গে। ‘অপারেশন সিন্দুর’এর পর এ রাজ্যে কাজ করা লস্কর জঙ্গিরা এবার গোয়েন্দাদের নজরে। কারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছিল, তাদের সম্পর্কে প্রাথমিক তথ্য পেয়েছেন তাঁরা। ভারতের প্রত্যাঘাতের পর সংগঠনের তরফে তাদের  কাছে  কী বার্তা আসছে,  সেটাই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। 

Advertisement

২০২০’তে উত্তর ২৪ পরগনার বাদুরিয়া থেকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করে লস্কর জঙ্গি তানিয়া পারভিনকে। তার মোবাইল ঘেঁটে জানা যায়, এপারের কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) শীর্ষ লস্কর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাদের নির্দেশমতো কলেজের ছেলেমেয়েদের মগজ ধোলাইয়ের কাজ করত তানিয়া। এনআইএ তদন্তভার নেওয়ার পর কাশ্মীর থেকে ধরা পড়ে তার এক হ্যান্ডলার। তাকে জেরা করেই কেন্দ্রীয় এজেন্সি জেনেছিল, এরাজ্যে ঠিক কতটা সক্রিয় লস্কর। লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক আব্দুর রহমান মাক্কির সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগের প্রমাণ মেলে, এখানে এই সংগঠনের হয়ে কাজ করা স্লিপার সেলের সদস্যদের। কোথায় কতজন নিয়োগ  ও প্রশিক্ষণ হবে, সমস্ত নির্দেশ শাহবাজ পাঠাত পিওকে থেকে।
 পহেলগাঁও হামলার বদলা হিসেবে পাকিস্তানের মুরিদকেতে লস্করের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার পর এবার এ রাজ্যে তাদের গতিবিধি ও কতগুলি স্লিপার সেল সক্রিয়, তাই নিয়ে খোঁজখবর শুরু করেছেন গোয়েন্দারা। তাঁরা জেনেছেন, উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া এলাকা, বীরভূম-ঝাড়খণ্ডের সীমানায় এবং মুর্শিদাবাদে লস্করের একাধিক সদস্য স্লিপার সেল চালাচ্ছে। যার মধ্যে কয়েকজনের সঙ্গে তানিয়া পারভিনের যোগাযোগ ছিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তারা সক্রিয়। গোয়েন্দারা জেনেছেন, এখানকার লস্কর জঙ্গিরা মূলত রিক্রুটার হিসেবে কাজ করছে। নতুন সদস্যদের পাকিস্তানের গ্রুপে যুক্ত করা হয়েছে। সেখানে তাদের মগজ ধোলাই করছে লস্করের মাথারা। পাকিস্তানে হামলার পর লস্করের কোন সদস্য বাংলাদেশে হয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বলে গোয়েন্দাদের অনুমান। এখানকার লস্কর জঙ্গিরা তাদের কোনওভাবে ভুয়ো নথি তৈরি করে দিয়ে আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে কি না, সেটা গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। পাশাপাশি তাদের দিয়ে কোনও নাশকতার ছক কষা হয়েছে কি না, তাদের ফোনে আড়ি পেতে জানার চেষ্টা চলছে। 

সম্পর্কিত সংবাদ