Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চোট ও গোলখরা ভাবাচ্ছে লোবেরাকে

গত মরশুমের এপ্রিল মাস। আইএসএলের লিগ-শিল্ড জেতা হয়ে গিয়েছিল মোহন বাগানের। এরপর ট্রফি জয়ের লড়াইয়ে মন দিয়েছিলেন কোচ হোসে মোলিনা।

চোট ও গোলখরা ভাবাচ্ছে লোবেরাকে
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মরশুমের এপ্রিল মাস। আইএসএলের লিগ-শিল্ড জেতা হয়ে গিয়েছিল মোহন বাগানের। এরপর ট্রফি জয়ের লড়াইয়ে মন দিয়েছিলেন কোচ হোসে মোলিনা। এবার তাঁর জুতোয় পা গলিয়েছেন আরেক স্প্যানিশ সের্গিও লোবেরা। তবে তাঁর জমানায় এই এপ্রিলেই বেশ বেকায়দায় পালতোলা নৌকা। শেষ তিনটি ম্যাচে ৭ পয়েন্ট নষ্ট করে লিগের লড়াই জটিল করে ফেলেছে সবুজ-মেরুন ব্রিগেড। আর একটা হার মানেই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে আরেকটু পিছিয়ে যাওয়া। এমন পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে নামবে মোহন বাগান। তার আগে আপুইয়ার চোট আরও চিন্তা বাড়াল স্প্যানিশ কোচের। বৃহস্পতিবার অনুশীলনে পায়ে চোট পেয়েছিলেন তিনি। শুক্রবার অনুশীলনে তিনি আসেননি। সূত্রের খবর, চোটের জায়গা ফুলে রয়েছে। তাই এদিন স্ক্যান করানো সম্ভব হয়নি। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে অনিশ্চিত আপুইয়া। চলতি মরশুমে সবুজ-মেরুনে অন্যতম ধারাবাহিক ফুটবলার তিনি। তাঁর অনুপস্থিতি ঢাকার কঠিন চ্যালেঞ্জের সামনে স্প্যানিশ কোচ।

Advertisement

শুধু আপুইয়া নয়, লোবেরার বড় চিন্তা গোলখরা এবং রক্ষণের গাফিলতি। তারকাখচিত আক্রমণভাগ। ম্যাকলারেন, কামিংস, দিমিত্রি, রবসন। তা সত্ত্বেও গত তিনটি ম্যাচে মাত্র একটি গোল করেছে মোহন বাগান। আসলে মাঝমাঠে খেলা তৈরি করার ফুটবলারের অভাব। দিমি ও রবসন, দু’জনেই ফিডার পজিশনে দাগ কাটতে ব্যর্থ। পাঞ্জাবের বিরুদ্ধে সেই জায়গায় নতুন মুখ ব্যবহার করতে পারেন তিনি। পাশাপাশি দু’টি ম্যাচেই ক্লিনশিট বজায় রাখতে ব্যর্থ টম আলড্রেড-আলবার্তো রডরিগেজরা। তাই রবিবার ঘরের মাঠে রক্ষণ জমাট রাখার চ্যালেঞ্জ রয়েছে তাঁদের সামনে।
শুক্রবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা প্রস্তুতি সারলেন  মনবীর-লিস্টনরা। মূলত কর্নার থেকে লক্ষভেদের মহড়া সারতে দেখা গেল আলবার্তো-আলড্রেডদের। এরপর ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে উইং প্লে’তে জোর দেন স্প্যানিশ কোচ। প্রথমে রবসন-লিস্টন জুটিকে মাঠে নামালেও পরে মনবীরকেও ডান প্রান্তে প্রস্তুত রাখলেন কোচ লোবেরা। পাশাপাশি আপুইয়ার জায়গায় দীপক টাংরিকে পরখ করে নিলেন তিনি। সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপার সঙ্গে জুটি বাঁধতে পারেন পাঞ্জাবি মিডিও। তবে হাতে এখনও আরও একটা দিন প্রস্তুতির জন্য পাবেন অভিজ্ঞ কোচ। পাঞ্জাবের চ্যালেঞ্জ টপকানোর জন্য শনিবারই প্রথম একাদশ বেছে নেবেন তিনি।

সম্পর্কিত সংবাদ