Bartaman Logo
৯ জুন, ২০২৬

হামাসকে সমর্থন করায় ভিসা বাতিল, নিজেই আমেরিকা ছাড়লেন ভারতীয় ছাত্রী

হামাসকে সমর্থন করায় ভিসা বাতিল, নিজেই আমেরিকা ছাড়লেন ভারতীয় ছাত্রী
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্যালেস্তাইনের সশস্ত্র সংগঠন হামাসকে ‘সমর্থন’। এজন্য  দিন কয়েক আগেই ভারতীয় পড়ুয়া রঞ্জিনী শ্রীনিবাসের ভিসা প্রত্যাহার করে মার্কিন প্রশাসন। তারপর নিজেই আমেরিকা ছাড়লেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। এমনটাই জানিয়েছে আমেরিকার স্বরাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক দপ্তর। সম্প্রতি মার্কিন মুলুকে বসবাসকারী কয়েকশো অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। হাতে-পায়ে বেড়ি পরিয়ে মার্কিন সামরিক বিমানে তাঁদের ফেরত পাঠানো হয়। তবে ভিসা বাতিল হতে রঞ্জিনী নিজেই আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

আর্বান প্ল্যানিং বিষয়ে গবেষণা করছিলেন রঞ্জিনী। এফ ১ স্টুডেন্ট ভিসা নিয়ে তিনি আমেরিকায় পড়াশুনো করতে গিয়েছিলেন। কিন্তু, হামাসকে প্রকাশ্যে সমর্থন করে বিপাকে পড়েন। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর ভিসা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হোমল্যান্ড সিকিওরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। সেখানে রঞ্জিনীকে মার্কিন বিমানবন্দরে দেখা যাচ্ছে। নোয়েম জানিয়েছেন, আমেরিকায় পড়াশুনোর জন্য আমরা সবসময় ভিসা দিতে প্রস্তুত। কিন্তু, সেই সুযোগ নিয়ে কোনওভাবেই হিংসা ও সন্ত্রাসবাদকে মদত দেওয়া চলবে না। সেক্ষেত্রে ভিসা প্রত্যাহার করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তির কোনওভাবেই আর আমেরিকায় থাকা চলবে না। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া নিজে থেকেই আমেরিকা থেকে চলে যাচ্ছেন। 
গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে আমেরিকার একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। এগুলির মধ্যে অন্যতম ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে অবস্থান-বিক্ষোভের মাঝে পুলিস ঢুকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। ওই আন্দোলনে ছিলেন রঞ্জিনীও। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব আর্কিটেকচার, প্ল্যানিং অ্যান্ড প্রিজারভেশন থেকে শহুরে পরিকল্পনা বিষয়ে এমফিল করেছিলেন ভারতীয় পড়ুয়া। সিইপিটি বিশ্ববিদ্যালয় থেকে ডিজাইন বিষয়ে স্নাতক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডিজাইন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। 

সম্পর্কিত সংবাদ