


নয়াদিল্লি, ২৯ মার্চ: জ্বালানি সংকটের মাঝে বন্ধু শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বের একাধিক দেশে জ্বালানি তেল, গ্যাসের আকাল দেখা দিয়েছে। এই তালিকায় বাদ পড়েনি ভারতের প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাও। ঘোরতর এই পরিস্থিতিতে সেদেশকে ৩৮ হাজার মেট্রিন টন জ্বালানি তেল দিয়ে সাহায্য করল ভারত। সূত্রের খবর, আজ রবিবারই সেদেশে জ্বালানি তেল পৌঁছে গিয়েছে। বিপদের দিনে এই সাহায্য পেয়ে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেই দেশের সরকার। জানা গিয়েছে, সম্প্রতি জ্বালানি সংকটের বিষয় নিয়ে মোদি সরকারের সঙ্গে ফোনে কথা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়কের। এরপরই শ্রীলঙ্কায় জ্বালানি তেল পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত।
ইরান ও আমেরিকা-ইজরায়েল যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে ক্রুড অয়েল আমদানি করতে পারেনি শ্রীলঙ্কা। এরপর সিঙ্গাপুর এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে জ্বালানি তেল নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সে দেশ। কিন্তু কোনও কারণে সেটিও বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এই অবস্থায় শ্রীলঙ্কায় পেট্রল-ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় ভারতের কাছে সাহায্য চায় শ্রীলঙ্কা। বন্ধুকে নিরাশ করেনি ভারতও। জাহাজে করে কলম্বোয় ২০ হাজার মেট্রিন টন ডিজেল এবং ১৮ হাজার মেট্রিন টন পেট্রল পাঠানো হয়। বিষয়টিতে সেই দেশের সরকারের পাশাপাশি বিরোধী নেতা সজিত প্রেমদাসাও সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। লিখেছেন, কঠিন পরিস্থিতিতে ভারতের এই সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্পর্কের আসল সত্যতা বোঝা যায় সংকটের সময়ই। যারা কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে তাঁদের আমরা কোনওদিনও ভুলব না।