নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংখ্যালঘু, বিশেষত মুসলিম ভোট নিয়ে অত্যধিক মাতামাতির দরকার নেই। যেটুকু পাওয়া যাবে, তাই যথেষ্ট। বরং হিন্দু ভোটের হার আরও অন্তত পাঁচ থেকে সাত শতাংশ পর্যপ্ত বৃদ্ধির চেষ্টা করুন। বিজেপির রাজ্য পার্টির জন্য এমনই নির্দেশিকা পাঠিয়েছে সঙ্ঘ পরিবার। আগামী বছরই বাংলার গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। রাজ্যে বেহাল সংগঠন নিয়ে বিধ্বস্ত বিজেপি যেনতেনপ্রকারেণ ভোট শতাংশ বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির উদ্দেশে সঙ্ঘ পরিবারের এহেন নির্দেশিকাকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলের শীর্ষ সূত্রের খবর, এই আবহেই বাংলার বিজেপি নেতৃত্বের কাছ থেকে সাম্প্রতিক রামনবমী কর্মসূচির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় পার্টি। প্রধানত গত রবিবারের ওই কর্মসূচিতে বাংলায় হিন্দু ভোটারদের মধ্যে কতটা সাড়া পড়েছে, তা খতিয়ে দেখতে বিশেষ পর্যালোচনা বৈঠকের কথাও ভাবছে গেরুয়া শিবির।



