Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথম দফায় ১৫২ আসনে ১৪ জন প্রার্থী নিরক্ষর, সর্বাধিক ডক্টরেট, পেশাজীবী তৃণমূলের

রাজ্যে প্রথম দফার নির্বাচনে ১৫২টি আসনে ১৪ জন প্রার্থী নিরক্ষর বলে তাঁদের হলফনামায় ঘোষণা করেছেন। তাঁদের মধ্যে ১০ জনই নির্দল। বড়ো রাজনৈতিক দলগুলির মধ্যে কংগ্রেসের একজন নিরক্ষর প্রার্থী আছেন ভোটযুদ্ধে।

প্রথম দফায় ১৫২ আসনে ১৪ জন প্রার্থী নিরক্ষর, সর্বাধিক ডক্টরেট, পেশাজীবী তৃণমূলের
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে প্রথম দফার নির্বাচনে ১৫২টি আসনে ১৪ জন প্রার্থী নিরক্ষর বলে তাঁদের হলফনামায় ঘোষণা করেছেন। তাঁদের মধ্যে ১০ জনই নির্দল। বড়ো রাজনৈতিক দলগুলির মধ্যে কংগ্রেসের একজন নিরক্ষর প্রার্থী আছেন ভোটযুদ্ধে। এসইউসি, কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড), মূলনিবাসী পার্টি অব ইন্ডিয়ার একজন করে নিরক্ষর প্রার্থী আছেন।

Advertisement

প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রদত্ত হলফনামাগুলি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। তবে নিরক্ষর বা শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নাম ও কেন্দ্রগুলির কথা এই রিপোর্টে  উল্লেখ করা হয়নি। সংস্থার কর্ণধার উজ্জ্বয়িনী হালিম জানান, তাঁরা এখন দ্বিতীয় দফার ভোটপ্রার্থীদের তথ্য বিশ্লেষণে ব্যস্ত। পরবর্তীকালে প্রার্থীদের বিষয়ে আরো অনেক তথ্য দেওয়া হবে। 
প্রথম দফার ভোটযুদ্ধে এমন ২৯ জন প্রার্থী আছেন যাঁরা কেবলই সাক্ষর (লিটারেট)। তাঁদের মধ্যে নির্দল সর্বাধিক—১৬ জন। কংগ্রেসের একজন,  সিপিএমের দুজন, এসইউসির একজন, বিএসপির তিনজন, আম জনতা উন্নয়ন পার্টির একজন, আমরা বাঙালির দুজন, রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির একজন, ইন্ডিয়ান ন্যাশনাল সোস্যালিস্টিক আ্যকশন ফোর্সের একজন প্রার্থী শুধুমাত্র অক্ষরজ্ঞানসম্পন্ন। 
পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এমন প্রার্থী ৩২ জন। তাঁদের মধ্যে নির্দল ১৭ জন। এই তালিকায় বিজেপির দুজন, এসইউসির চারজন, সিপিএম ও বিএসপির একজন করে। বাকিরা অন্যান্য রাজনৈতিক দলের। অষ্টম শ্রেণি পাশ ১৮৩ জন প্রার্থীর মধ্যে ৭৬ জন নির্দল। কংগ্রেসের ১৪ জন, বিজেপির ১২ জন, এসইউসির ১৫ জন, তৃণমূল কংগ্রেসের ছজন, সিপিএমের সাতজনের পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। মাধ্যমিক পাশ প্রার্থীর সংখ্যা ২৪৬। তাঁদের মধ্যে ৮৮ জন নির্দল। কংগ্রেসের ২২ জন, বিজেপির ১৮ জন, এসইউসির ১৪ জন, তৃণমূল কংগ্রেসের ১৯ জন, সিপিএমের ১২ জন প্রার্থী মাধ্যমিক পাশ। 
সাধারণ স্নাতক ও স্নাতকোত্তর প্রার্থীর মোট সংখ্যা যথাক্রমে ৩৬১ ও ২২৫। কংগ্রেস, বিজেপি এবং এসইউসির ৪৬ জন প্রার্থী স্নাতক। স্নাতক প্রার্থী তৃণমূল কংগ্রেসের ৪৩ এবং সিপিএমের ২৯ জন। স্নাতকোত্তর ডিগ্রি আছে কংগ্রেসের ২৪ জন, বিজেপি-এসইউসি-তৃণমূলের প্রত্যেকের ২৮ জন করে এবং সিপিএমের ২৫ জন প্রার্থীর। ডক্টরেট ডিগ্রিধারী প্রার্থীর মোট সংখ্যা ২০। প্রার্থীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ছজন, কংগ্রেসের চারজন, বিজেপির দুজন এবং সিপিএমের একজন ডক্টরেট ডিগ্রিধারী। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ওকালতি প্রভৃতি পেশাগত ক্ষেত্রে স্নাতক প্রার্থী ৯২ জন। তাঁদের মধ্যে ১৫ জন টিএমসির, ১৪ জন কংগ্রেসের, ১৮ জন বিজেপির, ছজন সিপিএমের এবং এসইউসির চারজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ