নয়াদিল্লি: ভারতের অর্থনৈতিক উন্নতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ। সংস্থাটি তাদের বার্ষিক মূল্যায়নে ভারতের ন্যাশনাল অ্যাকাউন্ট ডেটা (জাতীয় হিসেব পরিসংখ্যান)-কে ‘সি’ গ্রেড দিয়েছে। যা আইএমএফের তালিকা অনুযায়ী দ্বিতীয় সর্বনিম্ন। আইএমএফ জানিয়েছে, সি গ্রেড দেওয়ার অর্থ হল, অর্থনীতি সংক্রান্ত যে সব তথ্য প্রকাশ করা হয়েছে, সেগুলি যথেষ্ট নয়। এতে পদ্ধতিগত বেশ কিছু সমস্যা রয়েছে। এর ফলে আন্তর্জাতিক সংস্থাটি ঠিকমতো নজরদারি চালাতে পারেনি। শুক্রবারই ভারতের চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। সেই তথ্য অনুযায়ী, চলতি বছরের এই সময়কালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৮.২ শতাংশ। আইএমএফ-এর বার্ষিক ‘আর্টিকেল-৪’ রিপোর্টে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল অ্যাকাউন্ট ডেটা নিয়মিতভাবে ও সময় মেনেই প্রকাশিত হয়েছে। কিন্তু এই সব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য যে সব পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, তাতে ত্রুটি রয়েছে। তার জন্যই ‘সি’ গ্রেড দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে একাধিক উদাহরণও দিয়েছে আইএমএফ। যেমন, জিডিপি হিসেব করার জন্য এখনও ২০১১-১২ সালকেই ‘বেস ইয়ার’ হিসেবে ধরা হচ্ছে। কিন্তু বর্তমানে মানুষের খরচের অভ্যাস, উত্পাদন কাঠামো বদলে গিয়েছে। ফলে পুরনো বেস ইয়ারে তা ধরা পড়ছে না।



