Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয় ছাড়া কিছুই ভাবছি না, হুঙ্কার ম্যাকলারেনের

ফক্স ইন দ্য বক্স। ছ’গজের বক্সে গোলের গন্ধ পান জেমি ম্যাকলারেন। চলতি আইএসএলে ১১ বার লক্ষ্যভেদ করে ফেলেছেন অজি বিশ্বকাপার।

জয় ছাড়া কিছুই ভাবছি না, হুঙ্কার ম্যাকলারেনের
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফক্স ইন দ্য বক্স। ছ’গজের বক্সে গোলের গন্ধ পান জেমি ম্যাকলারেন। চলতি আইএসএলে ১১ বার লক্ষ্যভেদ করে ফেলেছেন অজি বিশ্বকাপার। শুরুতে ছন্দে না থাকলেও সময় গড়ানোর সঙ্গেই জাত চিনিয়েছেন মোহন বাগানের আদরের ম্যাকা। সপ্তাহের শুরুর দিন খালিদের দুর্গ ভাঙতেও তাঁর দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। চোট কাটিয়ে পুরো ফিট ম্যাকলারেন। মেগা ম্যাচের আগে তাঁর মন্তব্য, ‘জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না।’

Advertisement

ফাইনালের টিকিট পেতে গেলে দ্রুত গোল প্রয়োজন। অনুমান করাই যায় আল্ট্রা-ডিফেন্সিভ ফর্মেশনে দল সাজাবেন খালিদ জামিল। সঙ্গে ক্লোজ মার্কিংয়ের দাওয়াই তো রয়েইছে। বল ধরলেই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবেন প্রণয়রা। পায়ের জঙ্গল ভেদ করা কঠিন। ম্যাকলারেন অবশ্য তৈরি। বক্সের মধ্যে ভয়ঙ্কর তিনি। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাঁর লক্ষ্যভেদ চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা। এবারও জাল কাঁপাতে মরিয়া ম্যাকলারেন। অজি তারকার কথায়, ‘অ্যাওয়ে ম্যাচে অপেক্ষাকৃত ছোট মাঠে খেলতে হয়েছে। যুবভারতীতে সেই সমস্যা নেই। জেতার জন্য মাঠে নামবে গোটা দল।’ ইতিমধ্যে লিগ-শিল্ড তাঁদের পকেটে। অস্ট্রেলিয়ান এ লিগে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ‘ডাবল’ জিততে মরিয়া। অনুশীলনের ধরন দেখে মনে হল, প্রয়োজনে কামিংস, ম্যাকলারেন, পেত্রাতোসকে একসঙ্গে ব্যবহার করে অল-আউট আক্রমণে যেতেও দ্বিধা করবেন না মোলিনা।
এদিকে, মঙ্গলবার ইডেনে আইপিএলের ম্যাচে মুখোমুখি কেকেআর ও লখনউ সুপার জায়ান্টস। ক্রিকেটারদের যুবভারতীর গ্যালারিতে হাজির করে চমক দিতে চান লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

Advertisement
সম্পর্কিত সংবাদ