Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘খেলা করার জন্য লগবুক করিনি, অফিসারকে সাসপেন্ড করতে হবে’

একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

‘খেলা করার জন্য লগবুক করিনি, অফিসারকে সাসপেন্ড করতে হবে’
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিং বিভাগের ডিজিকে তাঁর কড়া বার্তা, ‘আপনি একটু শক্ত হন। হাল্কাভাবে নিলে চলবে না। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে (এসএই) সাসপেন্ড করুন। না হলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব। শো-কজ করব।’ 

Advertisement

এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে রাজাবাজার সংলগ্ন ২৯ নম্বর ওয়ার্ডের মতিলাল সেন লেন থেকে বেআইনি নির্মাণের অভিযোগ আসে। অভিযোগকারী জানান, দু’বার পুরসভা অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছে। তারপরেও নির্মাণ বন্ধ হচ্ছে না। এই কথা শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন মেয়র। ডিজির উদ্দেশে তিনি বলেন, ‘এখনও কীভাবে বেআইনি নির্মাণ হতে পারে? তার মানে লগবুক মেনে কাজ হচ্ছে না। আমাদের কাছে ইনফরমেশন কেন এল না?’ এরপরই মেয়রের নির্দেশ, ‘এসএইকে সাসপেন্ড করতে হবে। এই অভিযোগ আসার অর্থ আপনার ব্যর্থতা। সার্বিকভাবে পুরসভারও ব্যর্থতা।’ 
এরপর ৬৭ ও ১১২ নম্বর ওয়ার্ড সহ আরও কয়েকটি জায়গা থেকে অবৈধ নির্মাণের অভিযোগে ফোন আসে। এমনকী, পুকুর বুজিয়ে বাড়ি করা, অন্যের জমি দখল করে বেআইনি নির্মাণ হয়েছে বলেও অভিযোগ আসে। মেয়র বলেন, ‘গার্ডেনরিচের ঘটনার পর শহরে যাতে বেআইনি নির্মাণ না হয়, তার জন্য ডিজিটাল লগবুক তৈরি করা হয়েছে। প্রত্যেক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিজেদের এলাকায় নিয়মিত ঘুরবেন। কোথায় কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে, তা নজর রেখে লগবুকে আপডেট করার কথা।’ ডিজির উদ্দেশে ফিরহাদ হাকিমের বার্তা, ‘গার্ডেনরিচে ১৩টি লাশ আমাকে তুলতে হয়েছে। এই লগবুক সিস্টেম খেলা করার জন্য করিনি। দ্রুত প্রত্যেকটি অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিয়ে সোমবার আমাকে রিপোর্ট দেবেন। এই সময় বেআইনি নির্মাণ হলে সেটা আমারও ব্যর্থতা।’ সংশিষ্ট এসএইদের বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিত করতে পুর কমিশনারকে নির্দেশ দিয়েছেন মেয়র।

Advertisement
সম্পর্কিত সংবাদ