জেরুজালেম (পিটিআই): গ্রামটির নাম জারজির। উত্তর ইজরায়েলের আর পাঁচটা সাধারণ জনবসতির মতোই ছাপোসা জীবন। আরব-ইজরায়েলি মানুষের বাস। শুক্রবার সকালে আচমকাই কান ঝালাপালা করা বিস্ফোরণের শব্দ। আতঙ্কে বম্ব শেল্টারে গিয়ে ওঠেন গ্রামবাসীরা। বেশ কয়েক ঘণ্টা পর বাইরে বেরিয়ে দেখেন, চারপাশ রীতিমতো ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত এই এলাকায় মিসাইল হামলায় প্রায় ৬০ জন জখম হয়েছেন। ইরানপন্থী সংগঠন হিজবুল্লা জানিয়েছে, শুক্রবার সকালে উত্তর ইজরায়েল ও দক্ষিণ লেবাননে মোতায়েন ইজরায়েলি সেনাকে নিশানা বানিয়ে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালানো হয়েছে। খালিদ গ্রিফাত নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ভয়ংকর অবস্থা। এই দৃশ্য কখনও ভুলতে পারব না।’



