Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ

কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলছে ঝড়বৃষ্টির প্রকোপ। এবার ফের আবহাওয়ার প্রকৃতিগত পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিস মঙ্গলবার জানিয়েছে, আগামী কাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলছে ঝড়বৃষ্টির প্রকোপ। এবার ফের আবহাওয়ার প্রকৃতিগত পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিস মঙ্গলবার জানিয়েছে, আগামী কাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে।  আপাতত শনিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূম জেলার কোনও কোনও অংশের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা বেড়ে  অস্বস্তিকর গরম পড়বে। মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। কোনও কোনও জায়গায় ঝড়বৃষ্টিও হয়েছে। 

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আজ বুধবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জন্য কয়েকদিন যাবৎ রাজ্যজুড়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি ছিল। কারণ বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছিল। 
সেই পরিস্থিতির এবার পরিবর্তন হতে চলেছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া এবার বায়ুমণ্ডলে প্রবেশ করতে শুরু করবে। তার জেরেই বাড়বে তাপমাত্রা। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে  এবং তা ৪০ ডিগ্রি স্পর্শ করলে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে বলা হয়। এবার এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কম হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অল্প কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা কোনও কোনও স্থানে ৪০ ডিগ্রি অতিক্রম করেছিল। কলকাতায় তো সর্বোচ্চ তাপমাত্রা একদিনের জন্য ৪০ ডিগ্রির কাছাকাছিও আসেনি। কলকাতায় এপ্রিলের অধিকাংশ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রির আশপাশে ছিল। এই দফায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে অন্তত ৩৭- ৩৮ ডিগ্রি ছুঁতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ