Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’দিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ, সতর্ক করল আবহাওয়া দপ্তর

আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার পশ্চিমাঞ্চলের দুই জেলা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। উষ্ণ ও শুষ্ক উত্তর-পশ্চিমি বাতাসের প্রভাবে এই পরিস্থিতি। এবারের গরমের মরশুমে এই প্রথম রাজ্যের কোনো অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হল।

দু’দিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ, সতর্ক করল আবহাওয়া দপ্তর
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার পশ্চিমাঞ্চলের দুই জেলা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। উষ্ণ ও শুষ্ক উত্তর-পশ্চিমি বাতাসের প্রভাবে এই পরিস্থিতি। এবারের গরমের মরশুমে এই প্রথম রাজ্যের কোনো অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হল। 

Advertisement

সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং তা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪.৫ ডিগ্রি অধিক হলে তাকে তাপপ্রবাহ বলা হয়। পশ্চিমাঞ্চলের কোনো কোনো জায়গায় ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। রবিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি। আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরসহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও আগামী দুদিন অস্বস্তিকর গরম (হট অ্যান্ড হিউমিড) পরিস্থিতি থাকবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এখনই ৩৬-৩৯ ডিগ্রির আশপাশে রয়েছে। 
কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। এটা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। কলকাতাসহ দক্ষিণবঙ্গের লাগোয়া জেলাগুলিতে আগামী কয়েকদিন গরমের মাত্রা বাড়বে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই এলাকায় আপাতত তাপপ্রবাহ পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তিনি বলেন, কলকাতা ও লাগোয়া এলাকায় বায়ুমণ্ডলের নীচের স্তরে দখিনা বাতাস সক্রিয় আছে। তাই শুষ্ক গরম বাতাস এই এলাকায় তেমন ঢুকতে পারছে না। তবে দখিনা বাতাস বঙ্গোপসাগরের দিক থেকে আসার ফলে জলীয় বাষ্প বেশি আসছে। তাই ভ্যাপসা অস্বস্তিকর গরম কলকাতাসহ উপকূলীয় জেলাগুলিতে থাকবে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (২৬.৮ ডিগ্রি) সোমবার স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল। এর কারণ বাতাসে একটু বেশি মাত্রায় জলীয় বাষ্পের উপস্থিতি। গরম থাকার পাশাপাশি চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চল ছাড়া নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন এটা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পাহাড় ও লাগোয়া এলাকার জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি এখন চলবে।  কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর উত্তর, পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে আগামী চার-পাঁচ দিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে। মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশের কোনো কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রির মধ্যে থাকবে। রবিবার বিদর্ভ এলাকার ওয়ার্ধায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি অতিক্রম করেছিল, এটাই দেশের মধ্যে সর্বোচ্চ। 
এবার এল নিনো পরিস্থিতির জন্য গরম বেশি পড়বে কি না তা নিয়ে বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। হবিবুর রহমান অবশ্য বলছেন, এখনো এল নিনো শুরু হয়নি। এর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সরাসরি সম্পর্ক নেই। সময় অনুযায়ী সারা দেশে তাপমাত্রা যেমনটা স্বাভাবিক সেটাই হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ