নয়াদিল্লি: চলতি আইপিএলে এখনও পাঁচটি ম্যাচ বাকি কলকাতা নাইট রাইডার্সের। তার আগেই কোচ পরিবর্তনের হাওয়া উঠে গেল। নাইটদের হাল সত্যিই করুণ। এখনও পর্যন্ত ন’টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই মুখ থুবড়ে পড়েছেন রাসেলরা। গতবারের চ্যাম্পিয়নদের প্লে-অফে পৌঁছনোর রাস্তা রীতিমতো কঠিন। সাধের মানিক আন্দ্রে রাসেলের অবস্থা তো আরও শোচনীয়। প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ আয়ারকে মনে হচ্ছে অতীতের ছায়া। নাইটদের বোলিংয়েও ভেদশক্তির অভাব স্পষ্ট। এমন দুঃসময়ে দলকে উজ্জীবিত করতে পারছেন না কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর কাজে একেবারেই খুশি নন শাহরুখ খান। চাপের মুখে নেই কোনও প্ল্যান বি। তাই পরের মরশুমে ইয়ন মরগ্যানকে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে খবর। এই জল্পনা আরও উস্কে দিলেন কেকেআরের পেসার হর্ষিত রানা। দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি জানান, প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীরের অভাব অনুভব করছেন। হর্ষিত বলেন, ‘আমাদের দলের সাপোর্ট স্টাফরা খুবই ভালো। তবে গুরু গম্ভীরের সময়ে একটা বাড়তি রোমাঞ্চ উপভোগ করতাম। সেটা ভীষণই মিস করি।’ হর্ষিত কি তাহলে জেনেবুঝেই পণ্ডিত সম্পর্কে অনাস্থা দেখালেন? হয়তো তাই।



