Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুদের স্তূপে ভাঙড়, সাতদিনে পঞ্চাশটিরও বেশি বোমা উদ্ধার

বছর আড়াই আগে পঞ্চায়েত নির্বাচনে বোমা-গুলির লড়াইয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। প্রশ্ন উঠেছিল, এই বিপুল অস্ত্র ও গোলা আসছে কোথা থেকে! কলকাতা পুলিশ ভাঙড়কে হাতে নেওয়ার পরও পরিস্থিতি কি আদৌ বদলেছে?

বারুদের স্তূপে ভাঙড়, সাতদিনে পঞ্চাশটিরও বেশি বোমা উদ্ধার
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বছর আড়াই আগে পঞ্চায়েত নির্বাচনে বোমা-গুলির লড়াইয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। প্রশ্ন উঠেছিল, এই বিপুল অস্ত্র ও গোলা আসছে কোথা থেকে! কলকাতা পুলিশ ভাঙড়কে হাতে নেওয়ার পরও পরিস্থিতি কি আদৌ বদলেছে? জোর গলায় কেউ এমনটা দাবি করতে পারছে না। কারণ, এবার নির্বাচনের আগে ফের উদ্ধার হয়েছে বিপুল বোমা, বারুদ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। গত এক সপ্তাহে ৫০টিরও বেশি বোমা উদ্ধার করেছে পুলিশ। দোলের দিন সকালে মিলেছে প্রচুর বারুদ ও বোমার মশলা। বিধানসভা নির্বাচনের আগেই যেন বারুদের স্তূপে বসে রয়েছে ভাঙড়। এসব দেখে আতঙ্কিত সাধারণ মানুষ।

Advertisement

দিন সাতেক আগে ভোগালি ২ নম্বর অঞ্চলের বানিয়াড়ায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ২৮টি তাজা বোমা ও একটি একনলা বন্দুক উদ্ধার করেছিল পুলিশ। ধরা পড়েছিল দু’জন। এবার দোলের আগের রাতে (সোমবার) ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার কৃষ্ণমাটি খালপাড় এলাকায় একটি বাঁশবাগান থেকে ২৬টি বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে, বোমা তৈরির মশলা মিলল দুই যুবকের থেকে। কৃষ্ণমাটি পশ্চিমপাড়ার বাসিন্দা মামুদ আলি ওইদিন একটি বাইকে করে দু’টি ড্রাম ভরতি বোমার মশলা নিয়ে আমবাগান দিয়ে যাচ্ছিল। সেই সময় এলাকার লোকজনের সন্দেহ হওয়ায় তাঁরা বিজয়গঞ্জ থানার পুলিশকে খবর দেন। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে এবং বিপুল পরিমাণ বোমার মশলা উদ্ধার করে।
প্রশ্ন হল, এত বোমা, বারুদ কেন মজুত করা হচ্ছে গ্রামে? ধারণা করা হচ্ছে, বড়ো ধরনের অশান্তি পাকানোর লক্ষ্যেই দুষ্কৃতীরা এসব এলাকায় নিয়ে এসেছিল। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল এবং আইএসএফ পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়কে ক্রমশ বারুদের স্তূপে পরিণত করা হচ্ছে। ভোট যত এগিয়ে আসছে, তত বোমা-গুলি মজুত করছে আইএসএফ। এলাকাকে অশান্ত করাই তাদের উদ্দেশ্য। তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে আইএসএফের জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন, সবই তৃণমূলের কারসাজি। ওরাই আমাদের ছেলেদের ঘরে বোমা, বোমার মশলা ঢুকিয়ে দিয়ে পুলিশকে খবর দিচ্ছে। নিরপেক্ষ তদন্ত হলে সব সত্য সামনে আসবে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ