


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পুরো চার ওভার বল না করলে ক্যামেরন গ্রিনের ২ কোটি টাকা কেটে নেওয়া উচিত।’ রবিচন্দ্রন অশ্বিনের এই মন্তব্য বোধহয় কানে গিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের! রবিবার কেকেআরের জার্সিতে প্রথমদিন অনুশীলনে নেমেই বল হাতে সোজা ঢুকে পড়লেন নেটে। শুধু তাই নয়, অঙ্গকৃশ রঘুবংশীকে বোল্ডও করলেন গ্রিন, যা স্বস্তি দিচ্ছে নাইট শিবিরকে।
স্বস্তিই বটে! আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার গ্রিনকে মিনি নিলামে ২৫.২ কোটি টাকায় কিনেছে শাহরুখ খানের দল। আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে তাঁকে ভাবছে থিঙ্কট্যাঙ্ক। অথচ, গ্রিনের বোলিং নিয়েই তৈরি হয়েছিল উদ্বেগ। পিঠের চোট সারিয়ে ফেরার পর সাম্প্রতিক সময়ে সেভাবে হাত ঘোরাতে দেখা যায়নি তাঁকে। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও দুই ম্যাচে মাত্র তিন ওভার বল করেছিলেন। তাই ঘনীভূত হয়েছিল আশঙ্কার মেঘ। তবে প্রথম দিনের অনুশীলনেই অজি তারকা বুঝিয়ে দিলেন, তিনি রাসেলের জুতোয় পা গলাতে তৈরি। মিনিট ১৫ বোলিংয়ের পর অবশ্য ড্রেসিং-রুমে হাঁটা দেন গ্রিন। গ্যালারিতে উপস্থিত কয়েকজন নাইট রাইডার্সের অনুরাগী নিজেদের মধ্যে তখন ফিসফাস করছিলেন, ‘সবে এসেছেন বলেই বোধহয় চাপ দিচ্ছেন না কোচ!’ কিন্তু, ভুল! মিনিট দশেক পরেই প্যাড পরে ব্যাট হাতে ইডেনের লন থেকে ফের আবির্ভাব ২৬ বছর বয়সি অজি অলরাউন্ডারের। দুলকি চালে ঢুকে পড়লেন সাইড নেটে। সেখানে তাঁর দেশেরই মেন্টর শেন ওয়াটসনের তত্ত্বাবধানে চলল পাওয়ার হিটিংয়ের মহড়া। শুরুতে মাঝ পিচে দাঁড়িয়ে থ্রো-ডাউনের বিরুদ্ধে এক নাগাড়ে বড় শট খেলে গেলেন তিনি। উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁর ব্যাটিংয়ের ভিডিয়ো করলেন ওয়াটসন। ভুলত্রুটি দেখলেই ভিডিয়ো ক্লিপ দেখিয়ে তা শুধরে দিলেন। এরপর দীর্ঘক্ষণ নেট বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করলেন ক্যামেরন। শুধু ব্যাটিং-বোলিং নয়, ফিল্ডিংয়েও বেশ চনমনে দেখাল তাঁকে। অনুশীলনের ফাঁকে আলোচনাও সারলেন কোচ অভিষেক নায়ারের সঙ্গে। হয়তো বুঝে নিতে চাইলেন, তাঁর কাছে দলের চাহিদা কী। এদিকে, আকাশদীপের পরিবর্ত হিসেবে সৌরভ দুবেকে নিতে পারে কেকেআর। ২৮ বছর বয়সি এই পেসার অতীতে হায়দরাবাদে ছিলেন।