Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুদ্ধ আবহে সৌদি আরবে আটকে দাদা-বৌদি, ডোমজুড়ে উৎকণ্ঠায় পরিবার

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে সৌদি আরবে আটকে পড়েছেন ডোমজুড়ের বাসিন্দা কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইউসুফ মিদ্দে (৬২) ও তাঁর স্ত্রী চাঁদসুলতানা মিদ্দে। মিসাইল হামলার খবরে উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁরা।

যুদ্ধ আবহে সৌদি আরবে আটকে দাদা-বৌদি, ডোমজুড়ে উৎকণ্ঠায় পরিবার
  • ৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে সৌদি আরবে আটকে পড়েছেন ডোমজুড়ের বাসিন্দা কেমিক্যাল ইঞ্জিনিয়ার ইউসুফ মিদ্দে (৬২) ও তাঁর স্ত্রী চাঁদসুলতানা মিদ্দে। মিসাইল হামলার খবরে উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁরা। একই সঙ্গে চরম উৎকণ্ঠায় রয়েছে হাওড়ার ডোমজুড়ে তাঁদের পরিবার।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সাল থেকে সৌদি আরবের দামাম শহরে একটি তেল কোম্পানিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কর্মরত ইউসুফ মিদ্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক করার পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এম-টেক সম্পন্ন করেন তিনি। পরে আমেরিকার ইউনিভার্সিটি অফ হাউস্টন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরেই স্ত্রীকে নিয়ে সৌদি আরবে বসবাস করছেন। ইউসুফের ভাই দাউদ মিদ্দে জানান, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই ফোনে কথা হচ্ছে দাদা-বৌদির সঙ্গে। বলেন, 'ওরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। যেভাবে একের পর এক মিসাইল হামলার খবর আসছে, তাতে উদ্বেগ আরও বেড়েছে'। চাঁদসুলতানা মিদ্দেও ফোনে পরিবারের কাছে ভয়ের কথা জানিয়েছেন। বিমানবন্দর বন্ধ থাকায় আপাতত দেশে ফেরার কোনও উপায় নেই বলেও জানান তিনি।

পরিবারের সদস্যরা জানান, প্রতিবছর অন্তত একবার করে ডোমজুড়ে বাড়িতে আসেন ইউসুফ ও তাঁর স্ত্রী। পারিবারিক অনুষ্ঠান থেকে উৎসব- সব ক্ষেত্রেই তাঁদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার সেই ঘরেই নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। ডোমজুড়ের পরিবার এখন প্রার্থনায় দিন গুনছে। তাঁদের আশা, দ্রুত শান্ত হবে পরিস্থিতি, বন্ধ হবে যুদ্ধের আবহ। রমজান মাসে যেন শান্তির বার্তা নিয়ে ঘরের ছেলে নিরাপদে ফিরতে পারেন—এই প্রার্থনাই এখন পরিবারের একমাত্র ভরসা

সম্পর্কিত সংবাদ