নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২২ সালের মধ্যে কৃষকের উপার্জন দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। আদতে তা হয়নি। ২০২২ সালের মধ্যে সবার মাথায় ছাদ। সেটিও হয়নি। মুখরক্ষায় ওই প্রকল্প রূপায়ণের সময়সীামা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। একইভাবে ফের টার্গেট ফেল করল মোদি সরকার। ২০২৪ সালের মধ্যে সব বাড়িতে নলবাহী জল সরবরাহের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেটিও হয়নি। সোমবার লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের এক লিখিত প্রশ্নের উত্তরে জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশে ৮১.৭১ শতাংশ বাড়িতে নলবাহিত জল সরবরাহ ব্যবস্থা হয়েছে। সরকারই সংসদে জানিয়েছে, গ্রামাঞ্চলে ১৯ কোটি ৩৬ লক্ষ বাড়ি রয়েছে। তার মধ্যে ১৫ কোটি ৮২ লক্ষ বাড়িতে নলবাহিত জল পৌঁছেছে। টার্গেট ফেল করে এখন সরকার সব বাড়িতে নলবাহিত জল পৌঁছতে সময়সীমা ২০২৮ সাল পর্যন্ত করেছে।



