


নয়াদিল্লি: পদবি গম্ভীর। বাস্তবেও তাই। ভারতীয় কোচের মুখে হাসির সাক্ষী হওয়া যথার্থ অর্থেই ডুমুর ফুল দেখার শামিল। বিশ্বকাপ জয় এনে দিল তেমনই বিরল মুহূর্ত। গুরুগম্ভীর ব্যক্তিত্বের ‘গোতি’র মুখেও ফুটল হাজার ওয়াটের হাসি। আর তা দেখে মজার ছলে চিমটি কাটলেন মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রামে প্রাক্তন ভারত অধিনায়ক লেখেন, ‘কোচসাব, তোমার মুখে হাসিটা দারুণ মানাচ্ছে।’ প্রতিক্রিয়া জানিয়ে গৌতম গম্ভীরের কমেন্ট, ‘হাসার উপলক্ষ্যটাও দারুণ ছিল। আর সেই মঞ্চে তুমি থাকায় খুব খুশি হয়েছি।’
খেলোয়াড়ি জীবনে ধোনি ও গম্ভীরের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। অনেকে বলেন, মাঠের বাইরে তাঁদের মধ্যে খুব একটা সখ্যতা ছিল না। মোতেরায় বিশ্বকাপ জয়ের পর মাহি-গোতির হর্ষ বিলাপ পর্ব তাই রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ সবিস্ময়ে লিখেছেন, ‘এই পোস্ট সত্যি তো, না কি এআই!’ অতীতে চোখ ফেরালে অবাক হওয়াটাই স্বাভাবিক। আসলে ২০১১ বিশ্বকাপ জয়ের জন্য সবাই ধোনিকেই বেশি কৃতিত্ব দেন। আড়ালে রয়ে যায় ফাইনালে গম্ভীরের ৯৭ রানের ইনিংস। তা নিয়ে এক টেলিভিশন শোয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন গোতি। তারপর থেকে দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা আরও জোরাল হয়। রবিবারের মোতেরা তাই শুধু কাপ জয়ের নয়, হয়ে উঠল দুই তারকার মিলন মঞ্চও।
সূর্যকুমারদের খেতাবি লড়াই দেখতে রবিবার মোতেরায় উপস্থিত ছিলেন ধোনি। ভিআইপি বক্সে রোহিত শর্মা, জয় শাহর সঙ্গে বসে কাপ জেতার মুহূর্ত দারুণ উপভোগ করেন মাহি। ইনস্টাগ্রাম পোস্টে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন অধিনায়ক লেখেন, ‘আমেদাবাদে ইতিহাস লেখা হল। ভারতীয় দল, সাপোর্ট স্টাফ এবং বিশ্বব্যাপী ভারতীয় সমর্থকদের অভিনন্দন। কাপ জয়ের সাক্ষী থাকতে পেরে আমি দারুণ খুশি।’