Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / ব্যবসা

এক ধাক্কায় ৩,৩০০ টাকা দাম কমল সোনার, নামল রুপোও

এক ধাক্কায় সোনার দাম পড়ল ৩ হাজার ৩০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর যায় ৯৪ হাজার ১৫০ টাকা।

এক ধাক্কায় ৩,৩০০ টাকা দাম  কমল সোনার, নামল রুপোও
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ধাক্কায় সোনার দাম পড়ল ৩ হাজার ৩০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর যায় ৯৪ হাজার ১৫০ টাকা। রবিবার সোনার পাইকারি বাজার বন্ধ ছিল। তার আগের দিন শনিবার সেই দর ছিল ৯৭ হাজার ৪৫০ টাকা। এদিন দিল্লিতেও ১০ গ্রাম পিছু সোনার দর ৩ হাজার ৪০০ টাকা কমে ৯৬ হাজার ৫৫০ টাকায় পৌঁছায়। গত দশ মাসে দিল্লিতে হলুদ ধাতুর দরে এত বড় পতন হয়নি বলে দাবি করেছেন ব্যবসায়ীরাও। কলকাতাতেও সাম্প্রতিককালে এতটা দাম কমতে দেখা যায়নি সোনার। এদিন কলকাতায় দাম কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনারও। এদিন ১০ গ্রাম সোনার দর ছিল ৮৯ হাজার ৫০০ টাকা। শনিবারই সেই দর ছিল ৯২ হাজার ৬০০ টাকা। দাম কমেছে রুপোরও। শনিবারের তুলনায় কেজি প্রতি রুপো ২ হাজার ৫০ টাকা কমে ৯৪ হাজার ৬৫০ টাকায় পৌঁছেছে। 

Advertisement

কেন এতটা দাম কমল সোনার? বিশেষজ্ঞরা দাবি করছেন, আমেরিকা ও চীনের মধ্যে শুল্কযুদ্ধে কিছুটা স্বস্তি মিলেছে। তার জেরে বিনিয়োগকারীরা তুলনামূলক ঝুঁকিপূর্ণ লগ্নি করার সাহস পাচ্ছেন। যখন ওই দুই দেশের মধ্যে শুল্কযুদ্ধ চরমে উঠেছিল এবং গোটা বিশ্বেই ভূ-অর্থনৈতিক অবস্থার টালমাটাল অবস্থা চলছিল, তখন বিনিয়োগকারীরা তুলনামূলক কম ঝুঁকির লগ্নি হিসেবে সোনাকে বেছে নিচ্ছিলেন। তার জেরে সোনার চাহিদা বেড়েছিল অনেকটাই। তাই দাম চড়ছিল। সেই পরিস্থিতির সামান্য বদল হয়েছে। আমেরিকা চীনা পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিল। তা থেকে আপাতত সরে এসে ৩০ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অন্যদিকে চীন জানিয়েছে, তারাও মার্কিন পণ্যের উপর শুল্ক আপাতত ১০ শতাংশে নামিয়ে আনবে। দু’দেশের এই সিদ্ধান্তই সোনার দাম কমাতে সাহায্য করেছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণাও বিশ্বমহলে কিছুটা স্বস্তি এনেছে। তা সদর্থক প্রভাব ফেলেছে সোনার বাজারে। তবে এই স্বস্তি বজায় থাকবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই। আমেরিকার মূল্যবৃদ্ধির হাল, সেদেশের আর্থিক নীতি আগামী দিনে কোন দিকে যায়, তার দিকে নজর রাখছেন লগ্নিকারীরা। সোনার দামে সেসব প্রভাব ফেলবে।

সম্পর্কিত সংবাদ