


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এফসি গোয়ার হার বাঁচালেন সন্দেশ ঝিংগান। রবিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল এফসি গোয়া। ৪৮ মিনিটে ইরফানের লক্ষ্যভেদে লিড নেয় চেন্নাইয়ান। এরপর ৮৮ মিনিটে কর্নার থেকে হেডে সমতা ফেরান অভিজ্ঞ ফুটবলার ঝিংগান। ৬ ম্যাচে গোয়ার সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে, পাঁচ ম্যাচে চেন্নাইয়ানের পকেটে রয়েছে ৫ পয়েন্ট।
এদিকে, দিনের অন্য ম্যাচে কিশোরভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীকে ৩-১ গোলে বশ মানাল বেঙ্গালুরু এফসি। ব্রায়ান স্যাঞ্চেজের জোড়া গোল। স্কোরশিটে নাম তোলেন আশিক কুরুনিয়ান। ইন্টার কাশীর একমাত্র গোলদাতা আলফ্রেড। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠলেন গুরপ্রীতরা। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে মাত্র ৫ পয়েন্ট হাবাসের দলের। ম্যাচে বিদেশি গোলরক্ষক লুইস তেরেসের ভুলে ডুবল ইন্টার কাশী। অন্তত দু’টি গোলের ক্ষেত্রে দায়ী তিনি।