Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিয়ের মণ্ডপ থেকে ধৃত ‘গ্যাংস্টার’ পাত্র, মুক্তির দাবিতে থানায় হাজির হল পাত্রী

বিয়ের আগেই গ্রেপ্তার পাত্র! খবর পেয়েই থানায় ছুটলেন পাত্রী। অনুরোধ করলেন, বিয়েটুকু অন্তত শেষ হোক। যদিও সেই আরজি শোনেনি পুলিশ। কারণ, পাত্র দাগী আসামী।

বিয়ের মণ্ডপ থেকে ধৃত ‘গ্যাংস্টার’ পাত্র, মুক্তির দাবিতে থানায় হাজির হল পাত্রী
  • ১৬ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

ভোপাল: বিয়ের আগেই গ্রেপ্তার পাত্র! খবর পেয়েই থানায় ছুটলেন পাত্রী। অনুরোধ করলেন, বিয়েটুকু অন্তত শেষ হোক। যদিও সেই আরজি শোনেনি পুলিশ। কারণ, পাত্র দাগী আসামী। খুন সহ ৩১টি অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Advertisement

ঘটনাটি ভোপালের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আকাশ নীলকণ্ঠ ওরফে ভূরা হাড়ি, ‘ইললিগ্যাল গ্যাং’ নামে একটি দল চালাত। বিভিন্ন অসামাজিক কাজকর্মের পাশাপাশি খুনের মতো মারাত্মক অভিযোগ রয়েছে এই দলের সদস্যদের বিরুদ্ধে। সম্প্রতি নিজের বিয়ের খরচ জোগাড় করতে ২৬ বছর বয়সি এক পুরোহিতকে অপহরণ করে আকাশ। অভিযোগ, তাঁকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে প্রায় ৮ লক্ষ টাকা দাবি করে সে। অপহৃত ব্যক্তিকে আটকে রেখে তাঁর পরিবারের থেকে প্রায় ৫০ হাজার টাকা আদায় করে আকাশের দলের সদস্যরা। তদন্তে নেমে মধ্যপ্রদেশ পুলিশ আকাশের অবস্থান জানতে পারে। এবং বিয়ের দিনই মণ্ডপে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। ঘটনায় বিয়ের অনুষ্ঠান থমকে যায়। এদিকে, এসবের কিছুই জানতেন না পাত্রী। হবু স্বামী গ্রেপ্তার হয়েছে শুনে হাতে মেহেন্দি নিয়েই থানায় হাজির হন তিনি। পুলিশের কাছে অনুরোধ করেন, অন্তত বিয়ের রীতিনীতি শেষ হওয়া পর্যন্ত হবু স্বামীকে ছেড়ে দেওয়া হোক। জানান, বাড়িতে অতিথিরা অপেক্ষা করছেন। তবে গুরুতর অপরাধের অভিযোগ থাকায় পুলিশ সেই অনুরোধ নাকচ করে দিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ