Bartaman Logo
৯ জুন, ২০২৬

দেশের বেশিরভাগ অংশেই গঙ্গার জল স্নানের উপযোগী: জলশক্তি মন্ত্রক

দেশের বেশিরভাগ অংশেই গঙ্গার জল স্নানের উপযোগী। বৃহস্পতিবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে জানাল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক।

দেশের বেশিরভাগ অংশেই গঙ্গার জল স্নানের উপযোগী: জলশক্তি মন্ত্রক
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশের বেশিরভাগ অংশেই গঙ্গার জল স্নানের উপযোগী। বৃহস্পতিবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে জানাল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। রাষ্ট্রমন্ত্রী রাজ ভূষণ চৌধুরী জানিয়েছেন, গঙ্গার মোট ১১২টি এলাকার জলে নজরদারি চালায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্টের তথ্য বলছে, প্রত্যেক এলাকাতেই পিএইচ ও জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সন্তোষজনক এবং সেই জল স্নানের উপযোগী। পাশাপাশি গঙ্গার দূষণও ক্রমশ নিম্নগামী বলে জানিয়েছেন মন্ত্রী। দূষণ নিয়ন্ত্রক পর্ষদ উত্তরাখণ্ড (১৯), উত্তরপ্রদেশ (৪১), বিহার (৩৩), ঝাড়খণ্ড (৪) ও বাংলার (১৫) মনিটারিং কেন্দ্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই রিপোর্ট দিয়েছে বলে জানা গিয়েছে। তবে উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে গঙ্গাদূষণ এখনও উদ্বেগজনক বলে জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে কানপুরের ফারুক্কাবাদ থেকে পুরানা রাজাপুর, রায়বেরিলির ডালমৌ, গাজিপুরের মির্জাপুর থেকে তরিঘাটের অংশ। মন্ত্রী জানিয়েছেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গা ও তাঁর উপনদীগুলির জলশোধন, পাড়ের সংস্কার, জীব বৈচিত্র সংরক্ষণের মতো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ফলে গঙ্গার জল ক্রমশ দূষণমুক্ত হয়ে উঠছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ