গণেশ মজুমদার, কালনা: কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের বিনামূল্যে ডায়ালিসিস ও সিটিস্ক্যান পরিষেবা দিতে গত কয়েকমাসে রাজ্য সরকারের ৪৩ লক্ষ টাকা খরচ হয়েছে। সেই পরিষেবা পেয়ে উপকৃত হয়েছে হাসপাতালের কর্মীরা। ২০১৭ সালে কালনা মহকুমা হাসপাতাল চত্বরে লিফটযুক্ত পাঁচতলা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে ওঠে। সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা, এইচডিইউ, এসএনসিইউ, অত্যাধুনিক প্যাথল্যাব সহ নানা সুবিধা এই হাসপাতালে রয়েছে। মহকুমা ও সুপার স্পেশালিটি মিলিয়ে দুই হাসপাতালের শয্যা সংখ্যা ৫৩৪। নদীয়া, হুগলি জেলা থেকে আসা বহু রোগী এখানে চিকিৎসা করান। কিন্তু এই হাসপাতালে সিটিস্ক্যান ও ডায়ালিসিস পরিষেবা মিলত না। ফলে বেসরকারি জায়গায় এই পরিষেবার জন্য রোগীদের হাজার হাজার টাকা খরচ করতে হতো। গত বছরের মে মাসে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হয়। গত ১১ মাসে ৩৭০০ রোগী বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা পেয়েছে। এজন্য সরকারিভাবে প্রায় ২৪ লক্ষ টাকা খরচ হয়। নভেম্বর মাসে সুপার স্পেশালিটি হাসপাতালে সিটিস্ক্যান পরিষেবা চালু হয়। পাঁচমাসে বিনামূল্যে ৪০০০ রোগী এই পরিষেবা নিয়েছেন। এতে সরকারের প্রায় ১৯ লক্ষ টাকা খরচ হয়েছে।



