


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবক অপহরণের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তিলজলা এলাকায়। পার্টি করার জন্য বাড়ি থেকে ডেকে পাঠিয়ে তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ওই তরুণের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিলজলা এলাকা থেকে তাঁকে উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে থানা। ধৃতরা হল, শিবম সাহা, নীলাদ্রি লোধ, সৌরভ ঘোষ ও ঋধম সাহা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ও অভিযোগকারী একই পাড়ার বাসিন্দা। তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। সকলে একসঙ্গে পার্টি করত মাঝেমধ্যে। মঙ্গলবার অভিযুক্তরা ওই তরুণকে জানায়, বাইরে গিয়ে তাঁরা পার্টি করবে। এরজন্য গাড়ি ভাড়া করেছে। তাতে রাজি হন অভিযোগকারী। তাঁকে মোবাইলে ডেকে পাঠানো হয়। তিনি বাড়ির সামনে এলে একটি গাড়ি সামনে এসে দাঁড়ায়। তাতে চার তরুণ ছিল। সকলেই তাঁর বন্ধু। গাড়িতে ওঠার পর সকলে মিলে মদ্যপান করে। এরপর তাঁর কাছে টাকা দাবি করে বলে অভিযোগ। তিনি টাকা দিতে না চাইলে মারধর করা হয় বলে দাবি করেছেন ওই তরুণ। মোবাইল থেকে ফোন করে তিনি বাড়িতে বিষয়টি জানান। পরিবারের লোকজন তিলজলা থানায় অভিযোগ করেন। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে ওই তরুণকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় চার বন্ধুকে। বাজেয়াপ্ত করা হয় গাড়িটি।
ধৃত শিবম সাহা, নীলাদ্রি লোধ, সৌরভ ঘোষ ও ঋধম সাহার বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। বুধবার অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী বিকাশ দাস বলেন, অভিযুক্তরা অপহরণ করে মারধর করেছে। তাদের জেরা করে কারণ জানতে হবে। সওয়লে শেষে তাদের পুলিশি হেপাজতে পাঠায় আদালত।