নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুঙ্গেরের অস্ত্র ব্যবসায়ীদের নতুন ঘাঁটি এখন ওড়িশার কটক। সেখানে বাড়ি ভাড়া নিয়ে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্রের কারখানা তৈরি হয়েছে। এই তথ্য আসার পরই ওড়িশায় গিয়ে কটক পুলিসকে সঙ্গে নিয়ে অভিযান চালাল কলকাতা পুলিসের এসটিএফ। যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তার মধ্যে রয়েছে আগ্নেয়াস্ত্র তৈরিতে দক্ষ মুঙ্গেরের এক কারিগর। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন যন্ত্রাংশ।
কলকাতা পুলিসের এসটিএফের কাছে খবর আসে, কটকে একটি বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে। সেই কারখানা খুলেছে হাওড়ার পিলখানার বাসিন্দা মহম্মদ আজম। কটকের বাসিন্দা শরৎচন্দ্র যাদবের বাড়িতেই চলছে এই কারবার। শরৎ নিজেও এই ব্যবসার অংশীদার। আগ্নেয়াস্ত্র তৈরির জন্য আজম মুঙ্গের থেকে দক্ষ কারিগর নিয়ে এসেছে। এখানে তৈরি হওয়া আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে যাচ্ছে। আজমের সঙ্গে এখানকার অস্ত্র কারবারিদের যোগাযোগ রয়েছে। অর্ডার মতো মাল তৈরির পর তা পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট ঠিকানায়। সমস্ত তথ্য হাতে আসার পর কটকে পৌঁছে যান কলকাতা পুলিসের এসটিএফের অফিসাররা। তাঁরা ওড়িশা এসটিএফকে সঙ্গে নিয়ে সেই অস্ত্র কারখানায় অভিযান চালান। তাঁরা গিয়ে দেখেন আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছে। বসানো হয়েছে একাধিক লেদ ও ড্রিলিং মেশিন। সেখান থেকে হাতেনাতে ধরা হয় চারজনকে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, সেমি ফিনিশড আর্মস। বাজেয়াপ্ত করা হয় লেদ ও ড্রিলিং মেশিন। চার অভিযুক্তকে ওড়িশা পুলিসের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিস। তারা কোথায় কোথায় এই আগ্নেয়াস্ত্র পাঠাত, ধৃতদের জেরা করে জানার চেষ্টা হবে।