সংবাদদাতা, কল্যাণী: আইপিএলের ম্যাচ শুরু হয়েছে। সেইসঙ্গে সমানতালে শুরু হয়েছে ক্রিকেট বেটিং। এই বেটিং চক্র চালানোর অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিস। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণীর মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে পুলিস ওই চারজনকে গ্রেপ্তার করে। তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কিছু টাকাও উদ্ধার হয়েছে। সারা বছর বিভিন্ন বেটিং-অ্যাপ সক্রিয় থাকে। সেখানে টাকা খাটিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। সেইসব অ্যাপের রমরমা বহুগুণ বেড়ে যায় আইপিএলের সময়। স্টেডিয়ামের খেলার সঙ্গে টিভি বা মোবাইলে সরাসরি সম্প্রসারণের মধ্যে ব্যবধান থাকে মাত্র ৩০ সেকেন্ড। অভিযোগ, ওইটুকু সময়কে হাতিয়ার করেই চলে বেটিং চক্র। সেই সব না বুঝে অনেকেই লোভে পড়ে টাকা লাগিয়ে লোকসানের মুখোমুখি হচ্ছেন। সোমবারের ম্যাচের পর এই চক্রের চারজনকে কল্যাণী থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, আইপিএল চলাকালীন ক্রিকেট বেটিং রুখতে আগামী দিনে এভাবেই অভিযান চালানো হবে। এছাড়াও রানাঘাট পুলিস জেলার বিভিন্ন থানা এলাকাতেও আইপিএল-বেটিং নিয়ে অভিযান চলছে বলে জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে।



