


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কেষ্টপুরের বাড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের আপ্ত সহায়কের রহস্যমৃত্যু! মৃতের নাম সব্যসাচী চক্রবর্তী (৪৯)। মঙ্গলবার ভোররাতে বাড়ির দরজা ভেঙে তাঁর অগ্নিদগ্ধ মৃতদেহ করেছে বাগুইআটি থানার পুলিস। এই ঘটনায় এলাকায় শোরগোল ছড়িয়ে পড়েছে। কিন্ত, কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।সেই সঙ্গে আগুন লাগার কারণ জানতে পুলিসের তরফে ফরেন্সিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তাঁরা নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করার পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘২০১৩ সাল থেকে আমার সঙ্গে পরিচয়। খুবই ভালো ও সৎ ছেলে ছিল। পরে আমার আপ্তসহায়কও হয়েছিল। ওর ঘুমের একটা সমস্যা ছিল। তার জন্য ওষুধও খেত। শেষ দু’বছর আমার সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না’।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকায় নিজেদের দোতলাবাড়িতে একাই থাকতেন সব্যসাচীবাবু। ওই এলাকাতেই কিছুটা দূরে তাঁর মা, ভাই ও পরিবারের অন্য সদস্যরা থাকেন। অত্যন্ত ভালো স্বভাবের মানুষ ছিলেন তিনি। নম্র ও ভদ্র আচরণের জন্য পাড়ার সকলে তাঁকে সম্মান করতেন। বিজেপির প্রাক্তন সাংসদ বাঁকুড়ার সুভাষ সরকার যখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তখন তাঁর আপ্ত সহায়ক হয়েছিলেন সব্যসাচীবাবু। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, বর্তমানে তিনি আর্থিক কারণে একটু দুশ্চিন্তায় ছিলেন। বর্তমানে কস্টিউম জুয়েলারির ব্যবস্থাও করছিলেন। বর্তমানে বাড়ি থেকে খুব একটা বেশি বের হতেন না। একা একাই থাকতেন। পুলিসের অনুমান, তা থেকে মানসিক অবসাদেও ছিলেন। তিনি অঙ্গপ্রত্যঙ্গ দানেও অঙ্গীকার বদ্ধ হয়েছিলেন। কিন্তু,অস্বাভাবিক মৃত্যুর জেরে তা কার্যকর করা যায়নি।
মঙ্গলবার ভোর রাত সাড়ে৩টের পরে ওই বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন প্রতিবেশীরা। ওই বাড়িতে সব্যসাচীবাবু একাই থাকেন জানিয়ে তাঁরা বাগুইআটি থানা এবং দমকলকে খবর দেন। খবর পাওয়া মাত্রই থানা থেকে পুলিস ওই বাড়িতে পৌঁছয়। আসে দমকলের একটি ইঞ্জিনও। স্থানীয় বাসিন্দাদের সামনে পুলিস দরজা ভেঙে দেখেন, একতলার ঘরে বিছানার উপর সব্যসাচীবাবুর অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে রয়েছে। অর্থাৎ, তিনি ঘটনার সময় বিছানার উপরেই ছিলেন। অল্প সময়ের মধ্যেই দমকল কর্মীরা আগুন নেভান।আগুনে বাড়ির একতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।