বেঙ্গালুরু: প্রয়াত ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো) প্রাক্তন চেয়ারপার্সন কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। শুক্রবার সকাল ১০টা ৪৩ নাগাদ বেঙ্গালুরুর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪। পরিবার ও ইসরো সূত্রে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ২০২৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে জনসমক্ষে আসেননি খুব বেশি। আগামী কাল, রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে সাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য মৃতদেহ রাখা হবে রমন রিসার্চ ইনস্টিটিউটে। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘ভারতের মহাকাশ গবেষণাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও নিঃস্বার্থ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’
‘জীবন্ত এনসাইক্লোপিডিয়া’ নামে পরিচিত কস্তুরীরঙ্গনের জন্ম ১৯৪০ সালের ২৪ অক্টোবর কেরলের এর্ণাকুলামে। ইসরোর স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর পদে ছিলেন। ইনস্যাট-২, আইআরএস-১এ/১বি ইত্যাদি প্রজেক্টের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ভারতের প্রথম দুই ভূপর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ ভাস্কর ১ ও ২-এর প্রজেক্ট ডিরেক্টর ছিলেন তিনি। দীর্ঘদিন সামলেছেন ইসরোর চেয়ারপার্সনের দায়িত্ব। প্রায় ন’বছর সেই গুরুদায়িত্ব সামলানোর পর ২০০৩ সালের আগস্ট মাসে অবসর নেন। সে বছরই রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন। ২০০৯ সাল পর্যন্ত সাংসদ পদে ছিলেন। ভারতের প্ল্যানিং কমিশনের সদস্যও ছিলেন। ২০০৪ সাল থেকে ২০০৯ পর্যন্ত বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজের ডিরেক্টর পদে ছিলেন। নতুন জাতীয় শিক্ষানীতির খসড়া প্রণয়ন কমিটির চেয়ারপার্সন ছিলেন কস্তুরীরঙ্গন। মহাকাশ গবেষণায় তাঁর অবদানের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।