Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রেশনের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে নম্বরের ব্যবস্থা চালু করছে খাদ্যদপ্তর

রেশন ডিলারশিপ দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন ব্যবস্থা চালু করছে খাদ্যদপ্তর। রেশন ডিলারশিপের জন্য আবেদনকারীদের বিভিন্ন যোগ্যতা অনুযায়ী নম্বর দেওয়া হবে।

রেশনের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে নম্বরের ব্যবস্থা চালু করছে খাদ্যদপ্তর
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন ডিলারশিপ দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন ব্যবস্থা চালু করছে খাদ্যদপ্তর। রেশন ডিলারশিপের জন্য আবেদনকারীদের বিভিন্ন যোগ্যতা অনুযায়ী নম্বর দেওয়া হবে। কোন ক্ষেত্রে কত নম্বর থাকবে, তা খাদ্যদপ্তর নির্দিষ্ট করে দিয়েছে। এভাবে মোট ৯০ নম্বর এবং ইন্টারভিউতে আরও ১০ নম্বর থাকবে। মোট ১০০ নম্বরের মধ্যে সবচেয়ে বেশি নম্বরের ভিত্তিতে আবেদনকারীরা ডিলারশিপ পাবেন। একাধিক আবেদনকারীর প্রাপ্ত  নম্বর এক হলে কী করা হবে, তাও খাদ্যদপ্তরের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

নয়া ব্যবস্থার আরও একটি উল্লেখযোগ্য দিক হল, রেশনের ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে অবিবাহিতা, বিধবা, বিবাহবিচ্ছিন্না মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে অগ্রাধিকার পাবেন রূপান্তরকামীরা। ৯০ নম্বরের মধ্যে এই শ্রেণির আবেদনকারীদের জন্য ২০ নম্বর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে অন্য কেউ (অর্থাৎ পুরুষ ও বিবাহিত মহিলা) আবেদন করলে পাবেন ১৩ নম্বর। স্বনির্ভর গোষ্ঠীর জন্য ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে। নথিভুক্ত সমবায় ও যৌথ অংশীদারিত্বের সংস্থা আবেদন করলে পাবে ৫ নম্বর। কোথাও রেশন ডিলারের শূন্যস্থান থাকলে বা নতুন ডিলারশিপ দেওয়ার প্রয়োজন হলে খাদ্যদপ্তর বিজ্ঞপ্তি জারি করে। দপ্তরের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করে তা সাধারণ মানুষকে জানানো হয়। তার ভিত্তিতে আবেদন জমা পড়ে। সেগুলি খতিয়ে দেখে খাদ্যদপ্তর। প্রসঙ্গত, আবেদনকারীর যোগ্যতা খতিয়ে দেখার ব্যবস্থা আগে থেকেই ছিল। কিন্তু কোন যোগ্যতার জন্য কত নম্বর দেওয়া হবে, তা নির্দিষ্ট করা ছিল না। এবার ১০ নম্বরের ইন্টারভিউতেও পাঁচটি বিষয় খতিয়ে দেখে নম্বর দিতে বলা হয়েছে। এই ডিলারশিপ দেওয়ার জন্য জেলাভিত্তিক বাছাই কমিটি আছে। উত্তর ও দক্ষিণ কলকাতার জন্য রয়েছে পৃথক বাছাই কমিটি। খাদ্য সংক্রান্ত দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক, জেলা খাদ্য নিয়ামক, মহকুমা খাদ্য নিয়ামক প্রমুখ জেলাতে ওই কমিটির সদস্য হন। কলকাতার ক্ষেত্রে ডিরেক্টর (রেশনিং) এই কমিটি গঠন করবেন আধিকারিকদের নিয়ে। এই কমিটিই ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার আগে যে এলাকার জন্য ডিলার নেওয়া হবে, সেখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিজে বা তাঁর অধীনস্থ আধিকারিককে দিয়ে আবেদনকারীর বিভিন্ন যোগ্যতা খতিয়ে দেখে নির্ধারিত মাপকাঠি অনুযায়ী নম্বর দেবেন। প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট বাছাই কমিটিকে জানিয়ে দেওয়া হবে।
ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর তার সঙ্গে যুক্ত হবে। তার ভিত্তিতে কোন আবেদনকারী ডিলারশিপ পাবেন, সেটা ঠিক হবে। খাদ্যদপ্তর যে মাপকাঠি ঠিক করেছে, তাতে আবেদনকারী তফসিলি উপজাতিভুক্ত হলে ১০ নম্বর দিতে হবে। তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত হলে যথাক্রমে ৭ এবং ৫ নম্বর দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনকারীরর দোকান-গুদামের জায়গা সহ অন্যান্য পরিকঠামোর জন্য নম্বর নির্দিষ্ট করা আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ