নয়াদিল্লি: কয়েক হাজার কিলোমিটার দূরের গাজা নিয়ে বিক্ষোভ দেখানোর বদলে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলুন। একটি মামলার প্রেক্ষিতে সিপিএমের উদ্দেশে এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট। গাজায় ইজরায়েলের আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে মুম্বইয়ের আজাদ ময়দানে বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়েছিল সিপিএম। কিন্তু মুম্বই পুলিস সেই কর্মসূচির অনুমতি দেয়নি। বিষয়টি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম। কিন্তু বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি গৌতম অখণ্ডের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, আমাদের দেশে প্রচুর সমস্যা আছে। সেগুলিতে নজর দেওয়া হয় না। দুঃখের বিষয়, আপনাদের দূরদর্শিতার অভাব রয়েছে। গাজার সমস্যার দিকে নজর দেওয়ার বদলে আপনাদের উচিত ছিল দূষণ, বন্যা, নিকাশি, জঞ্জালের মতো দেশের সমস্যার দিকে নজর দেওয়া। এতে সাধারণ মানুষের সুরাহা হয়। দেশপ্রেমিক হয়ে উঠুন। আপনারা (সিপিএম) যা করছেন, তা দেশপ্রেম নয়। আদালত আরও জানিয়েছে, সিপিএম একটি রেজিস্টার্ড দল। গাজার মতো বিষয়ে দেশের বিদেশ নীতি জড়িয়ে রয়েছে। তাই এর প্রভাব কী হবে, তা আপনারা বুঝতে চাইছেন না। সিপিএমের তরফে আইনজীবী মিহির দেশাই আদালতে জানান, বিক্ষোভ দেখানোর অধিকার সব রাজনৈতিক দলের রয়েছে। পাল্টা মহারাষ্ট্র সরকারের আইনজীবী জানান, বিক্ষোভ কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলাজনিত সমস্যা হতে পারে বলে খবর রয়েছে। তাই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।



