Bartaman Logo
৯ জুন, ২০২৬

নয়ডায় মিটার তৈরির কারখানায় আগুন, জখম ২৪

উত্তরপ্রদেশের নয়ডায় একটি কারখানায় আগুন। জখম হলেন ২৪ জন। আজ, বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৪ এলাকার একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায়।

নয়ডায় মিটার তৈরির কারখানায় আগুন, জখম ২৪
  • ১২ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নয়ডা, ১২ মার্চ: উত্তরপ্রদেশের নয়ডায় একটি কারখানায় আগুন। জখম হলেন ২৪ জন। আজ, বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৪ এলাকার একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায়। ওই সময় কারখানায় প্রায় আড়াইশো জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় কোনওভাবে কারখানায় আগুন লেগে যায়। প্রচণ্ড ধোঁয়ায় শ্রমিকদের শ্বাসকষ্ট হতে শুরু করে। ততক্ষণে খবর পেয়ে অকুস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। দমকলের ৩০ ইঞ্জিন জোরকদমে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধারকারীরা ভিতরে আটকে পড়া শ্রমিকদের বাইরে বার করে আনার কাজ শুরু করেন। কারখানায় জানলার কাঁচ ভেঙেও একাধিক মানুষকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ২৪ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে জখম হয়েছেন। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। কয়েকজনকে আইসিইউ-তেও ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারখানার কোথাও পকেট ফায়ার রয়েছে কী না সেটি খতিয়ে দেখা হচ্ছে। আগুন কী ভাবে লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। 

Advertisement

এই ঘটনায় যুগ্ম পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) রাজীব নারায়ণ মিশ্র জানান, অগ্নিকাণ্ডের জেরে হওয়া ধোঁয়ায় বহু শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়া আতঙ্কিত শ্রমিকরা উঁচু স্থান থেকে লাফিয়ে নীচে নামার সময় পড়ে যান। ফলে কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। তবে বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সম্পর্কিত সংবাদ