Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে অগ্নিকাণ্ড, মৃত্যু ১ জওয়ানের

হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ, বৃহস্পতিবার সকালে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত বাঁকড়া এলাকার ৭৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের ক্যাম্পে আচমকাই আগুন লাগে।

হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে অগ্নিকাণ্ড, মৃত্যু ১ জওয়ানের
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ, বৃহস্পতিবার সকালে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত বাঁকড়া এলাকার ৭৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের ক্যাম্পে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়ঙ্কর রূপ নেয়। আর এই অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারান এক জওয়ান। জানা গিয়েছে, মৃতের নাম রাম সিং।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ক্যাম্পের পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘর থেকেই আগুনের সূত্রপাত। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডটি ঘটে। ঘটনাক্রমে তখনই বিএসএফের একটি বোটে তেল ভরার কাজ চলছিল। ফলে দাহ্য পদার্থের উপস্থিতিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

চোখের পলকে আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, ক্যাম্পে উপস্থিত জওয়ানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করা হলেও ততক্ষণে আগুনে গুরুতরভাবে দগ্ধ হন জওয়ান রাম সিং। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই মর্মান্তিক ঘটনার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিশেষ করে, সংবেদনশীল সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা শিবিরে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ এবং বিএসএফ কর্তৃপক্ষ। শর্ট সার্কিটই মূল কারণ না কী অন্য কোনও গাফিলতি ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে, তার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। 

সম্পর্কিত সংবাদ