সানফ্রান্সিসকো: টেনিস সার্কিটে এখন একতরফা লড়াই জানিক সিনার ও কার্লোস আলকারাজের। গত দুই বছরে আটটা গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন তাঁরা। এরমধ্যে আলকারাজের নাগালের বাইরে থেকেছে অস্ট্রেলিয়ান ওপেন। সিনারের ক্ষেত্রে তেমনই অধরা ফরাসি ওপেন। এই দ্বৈরথই এখন টেনিসপ্রেমীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। আর টেনিসের এই অবস্থা নিয়েই সরব হয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেডেরার। তাঁর মতে, কোর্টের সারফেস ইচ্ছাকৃতভাবে মন্থর রাখা হচ্ছে সিনার-আলকারাজের কথা ভেবে। একই ধরনের কোর্টে খেলে লাভবান হচ্ছেন দুই তারকা।
অ্যান্ডি রডিকের পডকাস্টে ফেডেরার বলেছেন, ‘টুর্নামেন্ট আয়োজকদের উচিত, ব্যাপারটা নিয়ে ভাবা। দ্রুতগতির কোর্ট দরকার। তাহলেই বোঝা যাবে, আলকারাজ ও সিনার বিদুৎগতির কোর্টে কীভাবে মানিয়ে নেয়। একইসঙ্গে ওরা খেলুক একদম মন্থর কোর্টেও। টুর্নামেন্টের ডিরেক্টররা বল স্পিড ও কোর্ট স্পিড নিজেদের চাহিদা মতো করতে পারেন। ফলে প্রতি সপ্তাহেই একই ছবি দেখা যাচ্ছে। ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন— সবেতেই একইভাবে টেনিস খেলে জেতা যাচ্ছে।’
ফেডেরার বলেছেন যে, অতীতে টেনিস খেলোয়াড়দের বিভিন্ন রকম কোর্টের স্পিডের সঙ্গে অভ্যস্ত হতে হতো। দ্রুতগতির ঘাসের কোর্ট এবং হার্ডকোর্টে দরকার সূক্ষ্মতা, হার্ড হিটিং এবং তৎপরতা। অন্যদিকে, ক্লে কোর্টে প্রয়োজন ধৈর্য এবং পরিকল্পনা। কিন্তু এখন ইচ্ছাকৃতভাবেই কম গতির কোর্ট তৈরি করা হচ্ছে। এতে তারকাদের সুবিধা হচ্ছে বলে বিশ্বাস ফেডেরারের। যাঁদের অ্যাথলেটিক দক্ষতা বেশি, ধারাবাহিকতা রয়েছে এবং যাঁরা বেসলাইনে থেকে খেলেন— ফায়দা তাঁদেরই। অন্যদিকে, যাঁরা বেশি আক্রমণাত্মক, তাঁরা অসুবিধায় পড়ছেন। অর্থাৎ, সিনার-আলকারাজদের দাপট এতে নিশ্চিত হচ্ছে। আর আর্থিকভাবে লাভবান হচ্ছেন আয়োজকরা।