নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লাগাতার বিঘ্নিত হচ্ছে কৃষকদের স্বার্থ। কথা দিয়েও কোনো প্রতিশ্রুতি রক্ষা করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবর্তে মার্কিন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করে গরিব কৃষকদের ভাতে মারার চক্রান্ত চলছে। এমনই অভিযোগ নিয়ে এবং একগুচ্ছ দাবির কথা জানিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিধানসভার বিরোধী দলনেতাদের সঙ্গে দেখা করার কর্মসূচি নিচ্ছেন আন্দোলনকারী কৃষক সংগঠনের। এক্ষেত্রে যেখানে বিজেপি বিরোধী সরকার ক্ষমতায় রয়েছে, সেইসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন কৃষকরা। অন্যদিকে, যেখানে বিজেপি কিংবা তার শরিক দল ক্ষমতায় রয়েছে, সেই রাজ্যগুলিতে বিধানসভার বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের। এভাবে কেন্দ্রের মোদি সরকারের উপর চাপ বাড়াতে চাইছে মোর্চা।



