Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রত্যাঘাতে খুশি দুই শহিদ পরিবার

প্রত্যাঘাতে খুশি দুই শহিদ পরিবার
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। এই প্রত্যাঘাতকে পূর্ণ সমর্থন জানালেন শহিদ জওয়ান বাবলু সাঁতরার মা বনমালা সাঁতরা। উলুবেড়িয়ার চককাশীর বাসিন্দা তিনি। ভারতীয় বাহিনীর এই অভিযান কিছুটা হলেও সন্তান হারানোর জ্বালায় প্রলেপ দিয়েছে বনমালাদেবীর। একইভাবে খুশি জগৎবল্লভপুরের বাসিন্দা ওঙ্কারনাথ দোলুই। তিনি শহিদ জওয়ান গঙ্গাধর দোলুইয়ের বাবা।

Advertisement

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল ২৬ জনের। ঘটনার পর থেকেই প্রতিশোধের আগুনে ফুটছিল ভারতবাসী। শহিদ জওয়ান বাবলু সাঁতরার মা বনমালা সাঁতরা জঙ্গিদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছিলেন। মঙ্গলবার রাতে বায়ুসেনার হামলা প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় এই প্রত্যাঘাতে আমি খুশি। আমার ছেলের মৃত্যুর যে জ্বালা এতদিন বয়ে চলেছি, তা কিছুটা হলেও জুড়ালো। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ৪৯ জন জওয়ানের। মৃত্যু হয়েছিল চককাশীর বাবলু সাঁতরার। অন্যদিকে, ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেক্টরে শহিদ হয়েছিলেন জগৎবল্লভপুরের গঙ্গাধর দোলুই। তাঁর বাবা ওঙ্কারনাথ দোলুই বলেন, এই পদক্ষেপের ফলে আমার ছেলের আত্মা নিশ্চিতভাবেই শান্তি পাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ