সংবাদদাতা, খড়্গপুর: ‘দেশদ্রোহী, দেশবিরোধীদের বিদায় হয়েছে।’ ফের বেফাঁস মন্তব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। হিন্দু-মুসলমান নির্বিশেষে এসআইআরে বাদ পড়া ভোটারদের ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। বৃহস্পতিবার রাতে খড়্গপুর শহরের তালিবাগিচা এলাকায় প্রচারে গিয়ে, খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী মন্তব্য করেন, ‘ওদের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। পিসি-ভাইপোর ভোল পাল্টে যাচ্ছে। যত জল ছিল (ভোটার তালিকায়) সব নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। ৯০ লাখ গিয়েছে। আরও ১০-১২-১৫ লাখ যাবে! এই ভুয়ো ভোটারদের জন্যই তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছর সিপিএম ছিল।’ এরপরই দিলীপ বলেন, ‘এই দেশদ্রোহী, দেশবিরোধীদের বিদায় হয়েছে। ভারতবর্ষে, সারাদেশে পরিবর্তনের ঢেউ। উন্নয়নের ঢেউ। সেটা এবার পশ্চিমবাংলায় লাগবে।’ দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল। রেগে আগুন বাদ পড়া হিন্দু ভোটাররাও। প্রসঙ্গত, এসআইআর পর্বে যে ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, তার মধ্যে ৬৩ শতাংশের বেশি হিন্দু। রাজনৈতিক মহলের বক্তব্য, এসআইআর শুরু হওয়ার আগে থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা করার ঘোষণা করছিল বিজেপি। বাদ পড়া ভোটারদের সিংহভাগ হিন্দু হওয়ায়, গোটা প্রক্রিয়াটা যে বুমেরাং হয়েছে, সে উপলব্ধি বিজেপির বাকিদের কমবেশি হলেও, দিলীপবাবুর হয়নি। আর তাই হিন্দুদের দেশদ্রোহী তকমা লাগিয়ে ফের বিতর্ক তৈরি করলেন তিনি।



