গরমে বাড়ল বিদ্যুতের চাহিদা
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেড়েছে দেশের গড় তাপমাত্রা। তার জেরে মার্চ মাসে দেশে বিদ্যুতের চাহিদা বাড়ল। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, মার্চে দেশের গড় পারদ ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। অথচ গত ৩০ বছরের মার্চের গড় তাপমাত্রা ছিল ২৪.৭১ ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসে দিনের বেলার পারদ, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার গড় ছিল দেশে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ৩০ বছরের সর্বোচ্চ গড়ের তুলনায় তা এক ডিগ্রি বেশি। গত মাসে দেশের নানা প্রান্তে পাঁচদিন তাপপ্রবাহ চলে। সবচেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধির কবলে পড়েছিল গুজরাত। কারখানাগুলিতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি, ওই তাপমাত্রার কারণে বিদ্যুতের চাহিদা ২০২৪ সালের মার্চের তুলনায় ৬.৯ শতাংশ বেড়েছে বলে দাবি করেছে একটি ক্রেডিট রেটিং সংস্থা। গত মার্চে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়িয়েছিল ২৩৫ গিগাওয়াট। চাহিদা বৃদ্ধির জেরে বাড়ে বিদ্যুৎ উৎপাদনও। গত মাসে দেশে মোট ১৬ হাজার ১০০ কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০২৪ সালের মার্চের তুলনায় তা ৮ শতাংশ বেশি।

Advertisement