নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বিধানসভা নির্বাচনের আগেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতায় পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে চায় কলকাতা পুরসভা। তাই ধাপার মতো গড়িয়ার ঢালাই ব্রিজের কাছে নয়া জলপ্রকল্প চালুর তোড়জোড় চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরির কাজ। এর ফলে টালিগঞ্জ এবং যাদবপুর এলাকার ১০টি ওয়ার্ডের কয়েক লক্ষ বাসিন্দা উপকৃত হবেন।
ধাপায় বর্তমানে দৈনিক ৩০ মিলিয়ন গ্যালন উৎপাদন ক্ষমতার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে। তার পাশেই দিনে আরও ২০ মিলিয়ন গ্যালন জল উৎপাদনের নতুন প্লান্ট বানানো হচ্ছে। পাশাপাশি, গড়িয়া ঢালাই ব্রিজেও নতুন প্লান্ট তৈরি করা হচ্ছে। যেখানে প্রতিদিন ১০ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদন করা হবে। সেই জলপ্রকল্প তৈরির কাজ করছে পুরসভা। সম্প্রতি এই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শন করেছেন আধিকারিকরা। মেয়র ফিরহাদ হাকিম আধিকারিকদের সময়সীমা মাত্রা বেঁধে কাজ করতে বলেছেন। মোটামুটি এক থেকে দু’বছরের মধ্যে এই প্রকল্প চালুর কথা থাকলেও পুর কর্তৃপক্ষ চাইছে, যাতে আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্যেই গড়িয়ার ঢালাই ব্রিজের প্লান্ট থেকে জল সরবরাহ ব্যবস্থা চালু করতে। ঢালাই ব্রিজের এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু হলে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ও যাদবপুরের বাসিন্দাদের একাংশ উপকৃত হবে। খিদিরপুর থেকে গঙ্গার জল তুলে পাইপলাইনের মাধ্যমে তা নিয়ে এসে এই প্রকল্পে পরিশোধন করা হবে। তারপর সেই পরিস্রুত জল বাড়ি বাড়ি সরবরাহ হবে। ইতিমধ্যেই জল সরবরাহের জন্য পাইপলাইন পাতার কাজ শেষ হয়ে গিয়েছে। বিভিন্ন ওয়ার্ডে জলাধার এবং বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্লান্ট তৈরি করতে খরচ হচ্ছে ৭৮ কোটি টাকা।