পাটনা: চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে জমির বদলে চাকরির মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন রেলমন্ত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এই মামলায় আগেই তলব করা হয় লালু-পত্নী রাবড়ি দেবী ও ছেলে তেজপ্রতাপকে। সেই মতো মঙ্গলবার তাঁরা ইডি দপ্তরে গিয়েছিলেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বিকেলের দিকে তাঁরা বেরিয়ে আসেন। এই ঘটনায় ফের বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগে সরব হয়েছে আরজেডি। দলের মুখপাত্র এজাজ আহমেদের কথা, এতে নতুন কিছু নেই। ভোটের আগে ইডি-সিবিআই কাজে লাগিয়ে বিরোধীদের ভয় দেখানোর কাজ শুরু করে দিয়েছে বিজেপি।



