নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) ২০২৪-২৫ আর্থিক বছরে ৪৩৬৬৭ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। এর মধ্যে তাপবিদ্যুতের পরিমাণ ছিল ৪৩৩৭০ মিলিয়ন ইউনিট। তাপবিদ্যুতের নিরিখে এটা সংস্থার একটি আর্থিক বছরে দ্বিতীয় সর্বাধিক উৎপাদন। ডিভিসি এবার রেকর্ড পরিমাণ সৌরবিদ্যুৎ (১৬.৮ মিলিয়ান ইউনিট) উৎপাদন করেছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সংস্থা জলবিদ্যুৎ উৎপাদন করেছে ২৭৯.৬ মিলিয়ান ইউনিট। কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট লোড ফ্যাক্টরের নিরিখে ডিভিসি শীর্ষ পর্যায়ে আছে। সংস্থা তাদের নিজস্ব কয়লাখনিগুলি থেকে ৪০ লক্ষ টন কয়লা উৎপাদন করেছে। কয়লা বহনকারী রেল রেকের সংখ্যার নিরিখে সংস্থা ২০২৪-২৫ আর্থিক বছরে রেকর্ড করেছে। এই সংখ্যা ছিল ৭৮৫৩টি। গত বছর যা ছিল ৭৬১৩। ডিভিসি মোট আয় করেছে ২৫ হাজার ৩২০ কোটি টাকা। জল বিক্রি করে আয় হয়েছে ৩৯২ কোটি টাকা। বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার উন্নতি করেছে সংস্থা।



