


গোরক্ষপুর: অতীতে সাইকেলে চড়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে যাননি কোনো ভারতীয় মহিলা। সম্প্রতি সেটাই করে দেখালেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরের শিক্ষিকা দিব্যা সিং। কাঠমাণ্ডু থেকে মাত্র ১৪ দিনে গন্তব্যে চলে যান তিনি।
গোরক্ষপুরের বিকাশ ভবন থেকে যাত্রা শুরু করেন দিব্যা। রুক্ষ পাহাড়ি রাস্তায় সাইকেল নিয়ে এগিয়ে যান তিনি। রাস্তা খারাপ থাকায় অনেক জায়গায় কাঁধে সাইকেল নিয়ে হাঁটতে হয় তাঁকে। কাঠমাণ্ডু থেকে সুরকে, ফাকদিং, নামচে বাজার, লোবুচে ও গোরখশেপ হয়ে বেস ক্যাম্পে পৌঁছান তিনি। ইনস্টাগ্রামে দিব্যার ঐতিহাসিক অভিযানের ভিডিয়ো পোস্ট করেছেন উমা সিং। সেখানে দেখা যাচ্ছে, সাইকেলের পাশে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দিব্যা। ক্যাপশনে উমা লেখেন, ‘প্রথম ভারতীয় মহিলা হিসাবে সাইকেল নিয়ে এভারেস্টের বেস ক্যাম্পে গিয়েছে দিব্যা সিং। ওকে অনেক শুভেচ্ছা জানাই। এটা গোরক্ষপুর, উত্তরপ্রদেশ ও ভারতের জন্য এক গর্বের মুহূর্ত।’ দিব্যার সাফল্যে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া। এক ব্যক্তি লেখেন, ‘আপনাকে শুভেচ্ছা জানাই। মহিলাদের চোখে লক্ষ্যে পৌঁছানোর জেদ দেখলে সত্যিই ভালো লাগে। এভাবেই এগিয়ে যান। আরও ইতিহাস সৃষ্টি করুন।’ আরেকজনের পোস্ট, ‘এই সাফল্য সত্যিই অনুপ্রেরণা দেয়।’