Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিশা সালিয়ানের মৃত্যু: আদিত্য থ্যাকারের বিরুদ্ধে এফআইআর

আত্মহত্যা করেনি মেয়ে। তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে। এমনই অভিযোগে উদ্ধব থ্যাকারের পুত্র আদিত্য, প্রাক্তন পুলিস কমিশনার সহ একাধিক ব্যক্তির নামে এফআইআর দায়ের

দিশা সালিয়ানের মৃত্যু: আদিত্য থ্যাকারের বিরুদ্ধে এফআইআর
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আত্মহত্যা করেনি মেয়ে। তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে। এমনই অভিযোগে উদ্ধব থ্যাকারের পুত্র আদিত্য, প্রাক্তন পুলিস কমিশনার সহ একাধিক ব্যক্তির নামে এফআইআর দায়ের করলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান। মুম্বইয়ের পুলিস কমিশনার বিবেক পানসালকারের কাছে মঙ্গলবার নতুন করে তদন্তে আর্জি জানিয়েছেন তিনি। আইনজীবী নীলেশ ওঝা জানিয়েছেন, আমরা এদিন সিপির অফিসে গিয়ে এফআইার দায়ের করেছি। জেসিপি (ক্রাইম) সেই অভিযোগ নিয়েছেন। এফআইআরে নাম রয়েছে উদ্ধব থ্যাকারে, অভিনেতা দিনো মরিয়া, সূরজ পাঞ্চোলি ও তাঁর দেহরক্ষী, পরমবীর সিং, অভিনেত্রী রিয়া চক্রবর্তী, শচীন ভাজের। ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার মূল চক্রী পরমবীর সিং। তিনিই আদিত্য থাকারেকে বাঁচাতে সাংবাদিক বৈঠক ডেকে মিথ্যা বলেছিলেন। এনসিবির তদন্ত রিপোর্ট বলছে, আদিত্য থাকারে ড্রাগ পাচারের সঙ্গে জড়িত। পুরো বিষয়টিই এফআইআরে উল্লেখ করা হয়েছে। দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনার নতুন করে তদন্ত দাবি করা হয়েছে। এই মামলায় সিবিআইয়ের ক্লোজার রিপোর্টকেও গুরুত্ব দিতে চাননি দিশার বাবা। আইনজীবীও বলেছেন, ওই ক্লোজার রিপোর্টে কাউকেই ক্লিনচিট দেওয়া হয়নি। ওই রিপোর্টের পরেও কোর্ট বিষয়টি হাতে নিতে পারে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। আরুষি মামলাতেও এমন হয়েছিল।

Advertisement

২০২০ সালের ৮ জুন মালাদের একটি ১৪তলা আবাসন থেকে দিশা সালিয়ানের দেহ উদ্ধার হয়। ঘটনার ছ’দিন পর বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। এদিকে আত্মহত্যা ও দুর্ঘটনাজনিত কারণ দেখিয়ে দিশার মৃত্যুর তদন্ত বন্ধ করে দেয় মুম্বই পুলিস। মেয়ের মৃত্যুর পাঁচ বছর পরও এই তত্ত্ব মানতে রাজি নন দিশার বাবা। এফআইআর দায়ের করে নতুন করে তদন্তের আর্জি জানালেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ