Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরের প্রয়োজন মিটিয়ে আরও ভালো পরিষেবার অঙ্গীকার দেবব্রতর, নিকাশি, পরিস্রুত জল, সিসি ক্যামেরা নজরদারি

নিকাশি পরিকাঠামোর উন্নতি থেকে পরিস্রুত জল, এই জোড়া পরিষেবা নিয়ে ফের ভোট ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিধায়ক দেবব্রত মজুমদার।

যাদবপুরের প্রয়োজন মিটিয়ে আরও  ভালো পরিষেবার অঙ্গীকার দেবব্রতর, নিকাশি, পরিস্রুত জল, সিসি ক্যামেরা নজরদারি
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিকাশি পরিকাঠামোর উন্নতি থেকে পরিস্রুত জল, এই জোড়া পরিষেবা নিয়ে ফের ভোট ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিধায়ক দেবব্রত মজুমদার। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে আগামী দিনে তিনি জিতলে বিধানসভা অঞ্চলে কী কী কাজ হবে, তার ‘প্রতিজ্ঞাপত্র’ প্রকাশ করেছেন দেবব্রত। অঞ্চলের কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর, মিতালি বন্দ্যোপাধ্যায়, সুশীলা মণ্ডল, স্বরাজকুমার মণ্ডল, সীমা ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতাদের উপস্থিতিতে তা প্রকাশ করেন তিনি।

Advertisement

ইতিমধ্যেই পানীয় জলের সমস্যা মেটাতে যাদবপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় একাধিক বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হয়েছে। ঢালাই ব্রিজে নতুন জলপ্রকল্প তৈরি হচ্ছে। দেবব্রত বলেন, টালা, পলতা, গার্ডেনরিচ, ধাপার পর যাদবপুর এই প্রথম কোনো জলপ্রকল্প পাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই সেটি চালু হয়ে যাওয়ার কথা। তারপরে যাদবপুর বিধানসভার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের আর ভূগর্ভস্থ জলের উপর নির্ভর করতে হবে না। বুস্টার পাম্পিং স্টেশন বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। আরও ৯টি জলধার এবং বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। আগামী দিনে যাদবপুরের সর্বত্র পরিস্রুত জল সরবরাহ হবে। এছাড়াও, বিভিন্ন ওয়ার্ডে পাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে নিকাশি ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এই কাজ সমগ্র বিধানসভা এলাকাজুড়ে চলতে থাকবে।
তৃণমূলের দাবি, এলাকার পরিকাঠামোগত উন্নতি হয়েছে। তবে, আগামী দিনে বাঘাযতীন স্টেশন রোডে যানজট কমানোর উদ্যোগ নেওয়া হবে। সেখানে হকার নিয়ন্ত্রণের ব্যবস্থা হবে। দেবব্রতবাবু বলেন, আমরা কাউকে সরাব না। হকারদের জীবিকাকে সুরক্ষিত রাখতে আমরা সুসংগঠিত ভেন্ডার ব্যবস্থাপনা চালু করব। পাশাপাশি, পাটুলি-ক্ষুদিরাম মেট্রো করিডরে পূর্ণাঙ্গ রাস্তা পুনর্নির্মাণের কাজ করা হবে বলেও ইস্তাহারে জানানো হয়েছে। অন্যদিকে, যাদবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জননিরাপত্তা ও সুরক্ষা বাড়াতে সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে।
অন্যদিকে, যাদবপুর অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল বাঘাযতীন এবং বিজয়গড়। তৃণমূলের দাবি, হাসপাতালগুলিতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে, যেমন ডিজিটাল এক্স রে সহ নতুন সুবিধা যুক্ত হয়েছে। তবে, আগামী দিনে বাঘাযতীন হাসপাতাল এবং বিজয়গড় হাসপাতালের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য সেখানকার পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করা হবে।

সম্পর্কিত সংবাদ