Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেদারনাথে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি

মেরুকরণের রাজনীতিতে কোনও খামতি রাখছে না বিজেপি! এবার উত্তরাখণ্ডের কেদারনাথে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে সুর চড়ালেন গেরুয়া দলের এক বিধায়ক।

কেদারনাথে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: মেরুকরণের রাজনীতিতে কোনও খামতি রাখছে না বিজেপি! এবার উত্তরাখণ্ডের কেদারনাথে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে সুর চড়ালেন গেরুয়া দলের এক বিধায়ক। তাঁর দাবি, অহিন্দুরা পুণ্যধাম কলুষিত করছে। তাই কেদারনাথে তাদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। যিনি এই দাবি করেছেন, তিনি কেদারনাথ বিধানসভার বিজেপি বিধায়ক আশা নটিয়াল। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। এধরনের বিদ্বেষমূলক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। 

Advertisement

সম্প্রতি কেদারনাথ যাত্রা সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেন নটিয়াল। তারপর তিনি জানান, কেদারনাথে বেশ কয়েকটি সমস্যার কথা তুলে ধরেছেন স্থানীয়দের একাংশ। কিছু মানুষ রয়েছেন, যারা এই পুণ্যধামকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। তাঁরা সকলেই অহিন্দু। কেদারনাথে এসে মাছ-মাংস খাওয়ার পাশাপাশি মদ্যপানও করেন। এগুলি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই দ্রুত এই সমস্ত অহিন্দুদের চিহ্নিত করে তাঁদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে হবে।
বিজেপি নেত্রীর মন্তব্যের কড়া নিন্দা করেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। তিনি বলেন, ‘দেশে অসংখ্য মন্দির, পুণ্যধাম রয়েছে। ভারত নানা ভাষার, নানা ধর্মের দেশ। এভাবে কতজনের প্রবেশ নিষিদ্ধ করা যায়। এই ভেদাভেদ অর্থহীন। আসলে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য করার অভ্যাস  হয়ে গিয়েছে। যাদের এতদিন কেউ জানত না, তারাও মিডিয়ার কৃপায় রাতারাতি চর্চায় উঠে এসেছেন। তাই আশা নটিয়াল আর কেন পিছিয়ে থাকবেন?’

সম্পর্কিত সংবাদ