Bartaman Logo
৯ জুন, ২০২৬

নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লি বিধানসভা চত্বরে গাড়ি, ফুল রেখে চম্পট, গ্রেপ্তার অভিযুক্ত

সপ্তাহের প্রথম কাজের দিনেই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল দেশের রাজধানী। ভরদুপুরে ভিআইপি গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিধানসভা চত্বরে ঢুকে পড়ে একটি এসইউভি।

নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লি বিধানসভা চত্বরে গাড়ি, ফুল রেখে চম্পট, গ্রেপ্তার অভিযুক্ত
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সপ্তাহের প্রথম কাজের দিনেই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল দেশের রাজধানী। ভরদুপুরে ভিআইপি গেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিধানসভা চত্বরে ঢুকে পড়ে একটি এসইউভি। চালকের মুখে মাস্ক। গলায় গাঁদা ফুলের মালা। গাড়ির নম্বর প্লেট উত্তরপ্রদেশের। ভিতরে ঢুকে গাড়ি থেকে নেমে পড়ে সে। স্পিকারের দপ্তরের কাছে গিয়ে গাড়ি বারান্দায় একটি ফুলের তোড়া রাখে। সিআরপিএফ ধরার আগেই দিব্যি নিজের গাড়িতে উঠে চম্পট দেয় ওই ব্যক্তি। কয়েক ঘণ্টা তল্লাশির পর অবশেষে উত্তর দিল্লির রূপনগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সরবজিৎ সিং। ঘটনায় ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, সোমবার দুপুর ২টো নাগাদ ২ নম্বর গেটের বেষ্টনী ভেঙে বিধানসভা চত্বরে প্রবেশ করে গাড়িটি। কিছুটা যাওয়ার পর গাড়ি থামিয়ে বেরিয়ে আসে চালক। গাড়ি বারান্দার কাছে ফুলের তোড়া রাখে সে। তারপর গাড়ি নিয়ে বাইরে চলে যায়। সচিবালয়ের এক আধিকারিক বলেন, ‘বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তার দপ্তরের কাছে গাড়ি থামায় অভিযুক্ত। গাড়ি বারান্দায় একটি ফুলের তোড়া রাখে সে। তারপর নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায়।’ অন্য একটি সূত্র জানাচ্ছে, স্পিকারের গাড়ির ভিতরে ফুলের তোড়া রাখে সরবজিৎ। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াডের সদস্যরা। তবে ফুলের তোড়ার মধ্যে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। প্রসঙ্গত, সম্প্রতি বাজেট অধিবেশন শেষ হয়েছে। এই পর্বে একাধিকবার বিধানসভায় বোমা হামলার হুমকি এসেছে। এহেন পরিস্থিতিতে ঘটনাস্থলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ