Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত ডেকলান, রিয়াল বধ আর্সেনালের

বেন্ড ইট লাইক...। না, বেকহ্যাম নয়। ডেকলান রাইস। তাঁরই দুরন্ত ফ্রি-কিক এমিরেটস স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের কফিনে প্রথম দু’টি পেরেক পুঁতে দেয়। আর শেষটি মিকেল মেরিনোর পা থেকে।

দুরন্ত ডেকলান, রিয়াল বধ আর্সেনালের
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

আর্সেনাল-৩                             :                             রিয়াল-০
বায়ার্ন মিউনিখ-১                      :                    ইন্তার মিলান-২

Advertisement

লন্ডন: বেন্ড ইট লাইক...। না, বেকহ্যাম নয়। ডেকলান রাইস। তাঁরই দুরন্ত ফ্রি-কিক এমিরেটস স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের কফিনে প্রথম দু’টি পেরেক পুঁতে দেয়। আর শেষটি মিকেল মেরিনোর পা থেকে। সেই সুবাদে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ ব্যবধানে দুরমুশ করল আর্সেনাল। আগামী ১৬ এপ্রিল ফিরতি লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে। নিজেদের দুর্গে রিয়াল কি পারবে ঘুরে দাঁড়াতে? অ্যাওয়ে ম্যাচে তিন গোল হজমের পর যা সত্যিই কঠিন। তবে টিমটার নাম যখন রিয়াল মাদ্রিদ, তখন অঘটন ঘটতেই পারে। 
মঙ্গলবার এমিরেটসে প্রথম মিনিট থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ পায় আর্সেনাল। সাকার বাড়ানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে বিপদ ডেকে আনেন রুডিগার। তাঁর শট কামাভিঙ্গার গায়ে লেগে গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩১ মিনিটে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপেও সুবর্ণ সুযোগ নষ্ট করেন। বেলিংহ্যামের ডিফেন্স চেরা পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তবে তারকা স্ট্রাইকারের বাঁক খাওয়ানো শট ঠেকিয়ে আর্সেনালের পতন রোখেন গোলরক্ষক ডেভিড রায়া। গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধের বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধে কার্লো আনসেলোত্তির দলকে বেশ বিবর্ণ দেখাল। ৫৮ মিনিটে রিয়ালের বক্সের সামনে ফ্রি-কিক আদায় করেন বুকায়ো সাকা। তবে তিনি বল তুলে দেন ডেকলান রাইসের হাতে। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া ইংলিশ মিডিওর ফ্রি-কিক মানবপ্রাচীরের পাশ দিয়ে ধনুকের মতো বাঁক খেয়ে জালে জড়ায় (১-০)। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কুর্তোয়া শরীর ছুঁড়েও বলের নাগাল পেলেন না। মুহূর্তে কী যেন ঘটল বুঝে উঠতে পারছেন না রাইসের সতীর্থ মার্টিন ওডেগার্ড। কোচ মিকেল আর্তেতারও চোখ ছানাবড়া। তখনও অবশ্য তাঁরা জানেন না, ১২ মিনিট পর ফের একই রকম গোলের সাক্ষী থাকতে হবে।  
ম্যাচের বয়স তখন ৭০ মিনিট। এবার ২৫ গজ থেকে ডেকলান রাইসের ফ্রি-কিক। আরও জোরালো। পলকে কেঁপে উঠল সেকেন্ড পোস্টের সাইড নেট (২-০)। এবারও কুর্তোয়া ব্যর্থ। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে এমিরেটসে। স্তম্ভিত রিয়াল তারকা এমবাপেও। ডেকলান রাইসের চোখধাঁধানো দু’গোলের পর রিয়াল একেবারে মুষড়ে পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৫ মিনিটে জাল কাঁপালেন মেরিনো (৩-০)। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। উল্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা।
অপর ম্যাচে ঘরের মাঠে ইন্তার মিলানের কাছে ১-২ ব্যবধানে হেরেছে বায়ার্ন মিউনিখ। ৩৮ মিনিটে ইতালির ক্লাবটিকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। তবে ৮৫ মিনিটে বার্য়ানকে সমতায় ফেরান টমাস মুলার। তবে ৮৮ মিনিটে ফ্রতেসির গোলে জয় নিশ্চিত হয় ইন্তারের। উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল সান সিরোয় কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

সম্পর্কিত সংবাদ